মালয়েশিয়ায় ২২২ বাংলাদেশি গ্রেফতার
প্রকাশিত হয়েছে : ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ৬:৩১:৩৬ অপরাহ্ন

মালয়েশিয়া প্রতিনিধি: মালয়েশিয়ার তেরেঙ্গানো রাজ্যে পরিচালিত এক মেগা অভিযানে ২২২ জন বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে ইমিগ্রেশন। রোববার সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়।
তেরেঙ্গানু ইমিগ্রেশন বিভাগের পরিচালক মোহাম্মদ ইউসরি মোহাম্মদ নুর সাংবাদিকদের জানান, অভিযানে মোট ৩১৬ জন বিদেশি নাগরিককে তল্লাশি করা হয়। এর মধ্যে ইমিগ্রেশন আইন লঙ্ঘনের অভিযোগে ২২৬ জনকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিদের মধ্যে ২২২ জন বাংলাদেশি, তিনজন ইন্দোনেশিয়ান এবং একজন ভারতীয় নাগরিক রয়েছেন। তিনি আরও জানান, অভিযানে বিভিন্ন সংস্থার সমন্বয়ে মোট ৬৪ জন কর্মকর্তা ও কর্মচারী অংশ নেন। অংশগ্রহণকারী সংস্থাগুলোর মধ্যে ছিল জাতীয় নিবন্ধন বিভাগ (জেপিএন), জনশক্তি বিভাগ (জেটিকে) এবং নির্মাণ শিল্প উন্নয়ন বোর্ড (সিআইডিবি)।
প্রাথমিক তদন্তে যেসব অপরাধ চিহ্নিত হয়েছে, তার মধ্যে রয়েছে বৈধ ব্যক্তিগত নথিপত্র না থাকা, নির্ধারিত সময়ের অতিরিক্ত অবস্থান (ওভারস্টে) এবং ভিসার অপব্যবহার। মোহাম্মদ ইউসরি জানান, ২০২৬ সালের জানুয়ারি থেকে ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত তেরেঙ্গানু ইমিগ্রেশন বিভাগ মোট ৪১৫ জন অনিবন্ধিত অভিবাসী শ্রমিককে গ্রেপ্তার করেছে। আটক ব্যক্তিদের মধ্যে বাংলাদেশ, ইন্দোনেশিয়া, মিয়ানমার, পাকিস্তান, থাইল্যান্ড, কম্বোডিয়া, ভারত ও নেপালের নাগরিকরা রয়েছেন। গ্রেপ্তারদের পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য কুয়ালা বেরংয়ের আজিল ইমিগ্রেশন ডিপোতে নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।





