পীর হবিবুর রহমানের মৃত্যুবার্ষিকী পালিত
প্রকাশিত হয়েছে : ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ৬:৫৩:১৬ অপরাহ্ন

ভাষা সৈনিক, অবিভক্ত পূর্ব-পাকিস্তান প্রাদেশিক পরিষদের সদস্য (এমএলএ), বাম গণতান্ত্রিক-প্রগতিশীল রাজনৈতিক আন্দোলনের অন্যতম পুরোধা ব্যক্তিত্ব, গণতন্ত্রী পার্টির সাবেক কেন্দ্রীয় সভাপতি পীর হবিবুর রহমান-এর ২২তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।
গণতন্ত্রী পার্টি সিলেট জেলা ও মহানগর শাখার উদ্যোগে সোমবার দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে। পালিত কর্মসূচির মধ্যে ছিল সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার লালাবাজার ইউনিয়নের বাগরখলা গ্রামস্থ পীরবাড়ির পারিবারিক কবরস্থানে মরহুমের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন, কবর জিয়ারত, বাড়িতে পবিত্র কোরআন খতম, স্মরণ সভা, মিলাদ ও দোয়া মাহফিল এবং শিরণী বিতরণ।
অনুষ্ঠানসমুহে অংশগ্রহণ করেন গণতন্ত্রী পার্টির কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য ও সিলেট জেলা সভাপতি মো. আরিফ মিয়া, সাধারণ সম্পাদক জুনেদুর রহমান চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক গুলজার আহমদ, মহানগর শাখার সভাপতি অধ্যক্ষ প্রাণকান্ত দাস, সাধারণ সম্পাদক শ্যামল কপালী, পিযুষ কান্তি তালুকদার, শংকর ঘোষ, গণতন্ত্রী পার্টির সুনামগঞ্জের দিরাই উপজেলা সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ মিহির রঞ্জন দাস, মরহুমের নাতি, এয়ার লাইন্সক্লাব ওসমানীর সভাপতি বেলায়েত হোসেন লিমন, গণতন্ত্রী পার্টি সিলেট জেলা শাখার দপ্তর সম্পাদক ও জাতীয় যুব ঐক্য’র সাধারণ সম্পাদক আজিজুর রহমান খোকন ও দুলাল আহমদ প্রমুখ।
স্মরণ সভায় বক্তারা বলেন, পীর হবিবুর রহমান ভাষা আন্দোলন থেকে শুরু করে ৬ দফা, ১১ দফা, মহান মুক্তিযুদ্ধ, পরবর্তীতে দেশ গড়ার আন্দোলন, গরীব, দুঃখী, খেটে-খাওয়া মানুষের কল্যাণে আজীবন রাজনীতি করে গেছেন। তিনি যে স্বপ্ন নিয়ে রাজনীতিতে জীবন উৎসর্গ করেছিলেন, তা অনুকরণীয়। আজ বাংলাদেশের রাজনীতিতে জননেতা পীর হবিবুর রহমান-এর মতো ত্যাগী রাজনীতিবিদের বড়ো প্রয়োজন। তিনি বাম রাজনীতির পুরোধা ব্যক্তিত্ব ছিলেন।
পীর হবিবুর রহমান ২০০৪ সালে ১৬ ফেব্রুয়ারি সিলেটে মৃত্যুবরণ করেন। বাগরখলা গ্রামের পীরবাড়ির পারিবারিক কবরস্তানে তাঁকে সমাহিত করা হয়। বিজ্ঞপ্তি





