মৌলভীবাজার জেলার শ্রেষ্ঠ ওসি মুন্না
প্রকাশিত হয়েছে : ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ৭:৪৯:৩৯ অপরাহ্ন

শ্রীমঙ্গল প্রতিনিধি: অভিন্ন মানদণ্ডে জানুয়ারি মাসে মৌলভীবাজার জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছেন শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ জহিরুল ইসলাম মুন্না। রোববার মৌলভীবাজার জেলা পুলিশ লাইন্সে আয়োজিত জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় এ ঘোষণা দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার মোহাম্মদ বিল্লাল হোসেন।
সভায় জানানো হয়, জানুয়ারি মাসে আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন, মামলা নিষ্পত্তি ও সার্বিক পেশাগত দক্ষতার ভিত্তিতে অভিন্ন মানদণ্ডে মূল্যায়নের মাধ্যমে জেলার বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠত্ব নির্বাচন করা হয়। এরই ধারাবাহিকতায় জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবে পুরস্কার ও সনদপত্র গ্রহণ করেন এস কে জহিরুল ইসলাম মুন্না। একই অনুষ্ঠানে শ্রীমঙ্গল থানার এসআই সজীব চৌধুরী জেলার শ্রেষ্ঠ এসআই হিসেবে পুরস্কৃত হন। কর্মক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ অন্যান্য কর্মকর্তা ও ফোর্সদের মাঝেও পুরস্কার ও সনদপত্র বিতরণ করা হয়।
পুরস্কার গ্রহণ শেষে ওসি জহিরুল ইসলাম মুন্না বলেন, এ অর্জন শ্রীমঙ্গলবাসীর। জনগণের সহযোগিতা ছাড়া আইন-শৃঙ্খলা রক্ষা সম্ভব নয়। অপরাধ দমন ও শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে শ্রীমঙ্গলবাসীর অব্যাহত সহযোগিতা কামনা করছি।





