গণভোটের রায় বাস্তবায়ন সাপেক্ষে জুলাই সনদে সই করেছি : নাহিদ
প্রকাশিত হয়েছে : ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ৮:৫২:১৪ অপরাহ্ন

জালালাবাদ ডেস্ক : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক মো. নাহিদ ইসলাম জানিয়েছেন, ‘নোট অব ডিসেন্ট’ অংশটি স্বাক্ষর মন্তব্য থেকে বাদ রেখেই তারা জুলাই জাতীয় সনদে সই করেছেন। গণভোটে জনগণের যে রায় এসেছে, তা পূর্ণাঙ্গভাবে বাস্তবায়নের অঙ্গীকারের ভিত্তিতেই এ স্বাক্ষর সম্পন্ন হয়েছে। তার ভাষায়, এনসিপির সইয়ের মধ্য দিয়ে জুলাই জাতীয় সনদ এখন পূর্ণতা পেল। এখন আগামী ধাপ হবে এই সনদ ও গণভোটের নির্দেশনা অনুযায়ী সংস্কার কার্যক্রম এগিয়ে নেওয়া। সোমবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় সনদে স্বাক্ষর শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, কোনো সিদ্ধান্তের সঙ্গে ‘নোট অব ডিসেন্ট’ সংযুক্ত থাকলে সেটি অস্পষ্টতা তৈরি করে। তাই এতে সুস্পষ্ট অবস্থান থাকা জরুরি। তিনি বলেন, এনসিপি শুরুতে সই করেনি। পরবর্তীতে আমাদের দাবির পরিপ্রেক্ষিতে জুলাই জাতীয় সনদকে আদেশ আকারে জারি করা হয়। সেই আদেশের ভিত্তিতেই এবারের নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হয়েছে। গণভোটে জনগণ সংস্কার ও ন্যায়ের পক্ষে রায় দিয়েছে বলেও তিনি উল্লেখ করেন। তিনি আরও বলেন, এখন সবচেয়ে বড় দায়িত্ব হচ্ছে এই গণরায় বাস্তবায়ন করা। এনসিপি সংসদ নির্বাচনে অংশ নিয়ে বিজয়ী হয়ে সংসদে যাচ্ছে। জুলাই জাতীয় সনদে বর্ণিত সংস্কার বাস্তবায়নই তাদের রাজনৈতিক অঙ্গীকার ও জনগণের দেওয়া ম্যান্ডেট। শপথের আগে এবং অন্তর্বর্তী সরকারের শেষ সময়ে এসে সনদের পূর্ণতা নিশ্চিত করতে সই করা প্রয়োজন ছিল বলেও তিনি মন্তব্য করেন।
এনসিপির আহ্বায়ক জানান, অন্তর্বর্তী সরকারের আমন্ত্রণে তারা যমুনায় গিয়ে ঐকমত্যের দলিল হিসেবে জুলাই জাতীয় সনদে দলের পক্ষে স্বাক্ষর করেছেন। নাহিদ ইসলাম জানান, জুলাই গণঅভ্যুত্থান থেকেই রাষ্ট্র সংস্কার ও নতুন ব্যবস্থার দাবি তুলে এসেছে তাদের প্ল্যাটফর্ম। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, পরে জাতীয় নাগরিক কমিটি এবং সেখান থেকে গঠিত জাতীয় নাগরিক পার্টি—প্রতিটি পর্যায়েই তারা সংস্কারের পক্ষে কঠোর অবস্থান নিয়েছে।
এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, আমাদের দল থেকে নির্বাচিত সংসদ সদস্যরা আগামীকাল শপথ গ্রহণ করবেন। আমরা একই সঙ্গে দুটো শপথ গ্রহণ করতে যাচ্ছি। আমাদের ওপর দেশের মানুষ যে আস্থা রেখেছে আমরা তা বাস্তবায়ন করব। তিনি বলেন, জুলাই সনদে সবার শেষ স্বাক্ষর করলেও এই সনদ বাস্তবায়নের জন্য আমরা ছিলাম সর্বোচ্চ তৎপর।
স্বাক্ষর অনুষ্ঠানে এনসিপির সদস্য সচিব আখতার হোসেন, যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, জাভেদ রাসিন, মনিরা শারমিন এবং যুগ্ম সদস্য সচিব জহিরুল ইসলাম মুসা উপস্থিত ছিলেন। জুলাই সনদে স্বাক্ষরের সময় জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ, কমিশনের সদস্য বদিউল আলম মজুমদার ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার উপস্থিত ছিলেন।





