টিসিবির পণ্য বিক্রি শুরু আজ থেকে
প্রকাশিত হয়েছে : ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ৯:১০:১৭ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : পবিত্র রমজানকে সামনে রেখে সিলেটসহ সারাদেশে ট্রাক সেলের মাধ্যমে পণ্য বিক্রি শুরু করছে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। আজ মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) থেকে এ কার্যক্রম শুরু হবে। বাজারদরের চেয়ে কম দামে ভোজ্যতেল, চিনি, ছোলা, ডাল ও খেজুর কিনতে পারবেন ভোক্তারা। পাশাপাশি ফ্যামিলি কার্ডের মাধ্যমেও বিক্রি কার্যক্রম চলবে। রমজানে এসব পণ্যের চাহিদা বেশি থাকায় স্বল্প আয়ের মানুষের ভরসা টিসিবির পণ্য।
টিসিবি জানিয়েছে, বিক্রি কার্যক্রম শুরুর সব প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। নির্ধারিত ডিলারদের প্রয়োজনীয় অর্থ জমা দেওয়ার নির্দেশনাও দেওয়া হয়েছে। নিয়মিত পণ্যের সঙ্গে এবার ছোলা ও খেজুরও যুক্ত হচ্ছে। সারাদেশে চার শতাধিক ট্রাকের মাধ্যমে এ পণ্য বিক্রি করা হবে। প্রতিটি ট্রাকে ৪০০ জন ভোক্তার জন্য পণ্য মজুত থাকবে। শুক্রবার ছাড়া সপ্তাহের বাকি দিনগুলোতে বিক্রি কার্যক্রম চলবে। টিসিবির দাবি, পণ্যের কোনো ঘাটতি হবে না।
টিসিবির মুখপাত্র শাহাদত হোসেন জানান, রমজান উপলক্ষে বাজার স্থিতিশীল রাখতে ট্রাক সেলের মাধ্যমে নির্ধারিত পণ্য বিক্রি করা হবে। সম্ভাব্য সময় অনুযায়ী ১৭ ফেব্রুয়ারি থেকে সারা দেশের জেলা, সিটি করপোরেশন ও বিভাগীয় শহরে একযোগে এ কার্যক্রম শুরু হবে।
এদিকে, বাজার নিয়ন্ত্রণ নতুন সরকারের জন্য বড় চ্যালেঞ্জ হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে কনজিউমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)। সংস্থাটি বলছে, সঠিক উপকারভোগীর হাতে পণ্য পৌঁছানো নিশ্চিত করতে কঠোর নজরদারি প্রয়োজন। ট্রাক সেলের পাশাপাশি ফ্যামিলি কার্ডধারীসহ এক কোটি পরিবারের মাঝে ভর্তুকিমূল্যে রোজার পণ্য বিক্রি করবে টিসিবি।




