বঙ্গবীর ওসমানীর সমাধিতে সেনাবাহিনীর শ্রদ্ধা
প্রকাশিত হয়েছে : ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ৯:২৮:৫৭ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : মহান মুক্তিযুদ্ধে মুক্তিবাহিনীর প্রধান সেনাপতি জেনারেল এমএজি ওসমানীর ৪২তম মৃত্যুবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালন করেছে বাংলাদেশ সেনাবাহিনী। সোমবার (১৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে সিলেটে হজরত শাহজালাল (র.) মাজারে তাঁর সমাধিতে সামরিক আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
অনুষ্ঠানে জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) ১৭ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, সিলেট এরিয়া মেজর জেনারেল মো. আলীমুজ্জামানসহ সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সমাধিতে পুষ্পস্তবক অর্পণের সময় বাংলাদেশ সেনাবাহিনীর একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করে। পরে তাঁর রুহের মাগফিরাত কামনা এবং দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত করা হয়। অনুষ্ঠানে সিলেট এরিয়ার সব ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা, সামরিক বাহিনীর বিভিন্ন পদমর্যাদার সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
জেনারেল এমএজি ওসমানীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এ কর্মসূচির মাধ্যমে জাতি গভীর শ্রদ্ধার সঙ্গে তাঁর অবদান স্মরণ করে।





