জনরায় অমান্য করলে ফ্যাসিবাদের পরিণতি বরণ করতে হবে : গোলাম পরওয়ার
প্রকাশিত হয়েছে : ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ৯:৫৪:১২ অপরাহ্ন

জালালাবাদ ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে জনরায় অমান্য করলে ফ্যাসিবাদের পরিণতি বরণ করতে হবে। তিনি বলেন, জুলাই সনদে না ভোট ও ধানের শীষের ভোট সমান হয়েছে অনেক কেন্দ্রে। তারা না ভোটের ক্যাম্পেইন করেছে। নির্বাচনের পর পেইড বুদ্ধিজীবীরা বলছে সরকার [জুলাই সনদ বাস্তবায়ন] মানতে বাধ্য নয়। ফ্যাসিবাদের মতো সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে যদি জনরায় অমান্য করা হয়, তাহলে ওদেরকে ফ্যাসিবাদের পরিণতি বরণ করতে হবে।’
সারাদেশে নির্বাচনপরবর্তী সহিংসতার প্রতিবাদে সোমবার বিকেলে সাড়ে ৪টায় রাজধানীর বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটে বাংলাদেশ জামায়াত ইসলামী আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন।
এসময় মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘বাংলাদেশের মানুষ যে স্বপ্ন দেখেছিল তা নির্বাচনের ম্যানিপুলেশন, অনিয়ম ও পরবর্তী সহিংসতা শেষ করে দিয়েছে। ফলাফল ঘোষণায় যে অনিয়ম হয়েছে নির্বাচন কমিশনকে (ইসি) কোনো টালবাহানা ছাড়াই তার তদন্ত করতে হবে। অনিয়মের নির্বাচনে জিতে হামলা-ধর্ষণ আমাদের আবার ফ্যাসিবাদের কথা মনে করিয়ে দিচ্ছে।’
তিনি বলেন, ‘শহীদ ওসমান হাদির বিচার শেষ করতে হবে। জুলাই আন্দোলনের হত্যাকাণ্ডের বিচার করতে হবে। নতুন রাষ্ট্র গঠনের সনদ মেনে নিতে হবে। একচুল পরিবর্তনও জনগণ মেনে নিবে না।’ তিনি আরও বলেন, ‘সমাবেশ পরবর্তী মিছিল প্রেসক্লাব মৎস্য ভবন হয়ে শাহবাগ যাবে।’
বিক্ষোভ সমাবেশে আরও উপস্থিত ছিলেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ, বাংলাদেশ নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারী, বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মাওলানা মামুনুল হক, কর্নেল অলি আহমেদের ছেলে ওমর ফারুক, এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু, বাংলাদেশ লেবার পার্টির সভাপতি মোস্তাফিজুর রহমান ইরান এবং জাগপার সহসভাপতি ও মুখপাত্র রাশেদ প্রধান।




