জকিগঞ্জে টমটমের ধাক্কায় ১ জন নিহত
প্রকাশিত হয়েছে : ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ৭:০৭:০৯ অপরাহ্ন
জকিগঞ্জ প্রতিনিধি:
জকিগঞ্জ উপজেলায় ব্যাটারিচালিত টমটমের ধাক্কায় মো. ফখরুল ইসলাম তেরা মিয়া (৬৮) নামে এক অবসরপ্রাপ্ত অফিস সহকারীর মৃত্যু হয়েছে। সোমবার বিকেলে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ফখরুল ইসলাম জকিগঞ্জ পৌর এলাকার গন্ধদত্ত গ্রামের বাসিন্দা ও মৃত আব্দুশ শুক্কুর মিয়ার সন্তান। তিনি জকিগঞ্জ উপজেলা সমাজসেবা কার্যালয়-এর অবসরপ্রাপ্ত অফিস সহকারী ছিলেন।
পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার বিকেলে তিনি জকিগঞ্জ বাজার থেকে নিজ বাড়ির উদ্দেশ্যে রওয়ানা হন। শেওলা-জকিগঞ্জ সড়কের আনন্দপুর এলাকায় একটি ব্যাটারিচালিত টমটম তাকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে জকিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। তবে হাসপাতালে নেওয়ার পথে সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে তিনি মৃত্যুবরণ করেন।
নিহতের ছেলে সাঈদুর রহমান সাঈদ জানান, এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো মামলা দায়েরের সিদ্ধান্ত নেওয়া হয়নি। এ বিষয়ে জকিগঞ্জ থানা-র ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, দুর্ঘটনায় আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।





