কুলাউড়ায় প্রবাসীদের সাথে ইঞ্জি. শাহেদ আলীর মতবিনিময়
প্রকাশিত হয়েছে : ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ৭:১১:০৮ অপরাহ্ন
কুলাউড়া প্রতিনিধি:
মৌলভীবাজারের কুলাউড়ায় অবস্থানরত প্রবাসীদের সাথে মতবিনিময় করেছেন ইঞ্জিনিয়ার এম শাহেদ আলী। সোমবার শহরের এক পার্টি সেন্টারে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি ছিলেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত মনোনীত বিজিত প্রার্থী ও জেলা জামায়াতের আমীর ইঞ্জিনিয়ার এম শাহেদ আলী।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বিগত নির্বাচনকালীন সময়ে প্রবাসী ভাইয়েরা অক্লান্ত পরিশ্রম করেছেন। অর্থ, শ্রম ও মেধা দিয়ে তারা দলের পাশে থেকেছেন। অনেকেই প্রবাসের ব্যস্ততা ছেড়ে শুধুমাত্র নির্বাচনী কার্যক্রমে অংশ নিতে দেশে চলে এসেছিলেন। তিনি আরও বলেন, আমার প্রিয় প্রবাসী ভাইয়েরা আমার জন্য হাজারো ত্যাগ স্বীকার করেছেন। আপনাদের এই ত্যাগ ও ভালোবাসার জন্য আমি কৃতজ্ঞ। এই ঋণ কোনোভাবেই শোধ করার নয়।
উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক আব্দুল মুনতাজিমের সভাপতিত্বে ও সেক্রেটারি বেলাল আহমেদ চৌধুরীর সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি প্রিন্সিপাল ইয়ামীর আলী, সাবেক উপজেলা আমীর খন্দকার আব্দুস সোবহান, উপজেলা জামায়াতের নায়েবে আমীর মো. জাকির হোসেন, ব্রাহ্মণবাজার ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী আলাউদ্দিন আহমেদ প্রমুখ। সভায় জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও দেশে অবস্থানরত প্রবাসীরা সভায় অংশ নেন।





