কুরআন শুদ্ধভাবে পাঠ করা দায়িত্বই নয়, ঈমানি দাবি : ফখরুল ইসলাম
প্রকাশিত হয়েছে : ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ৬:৪৮:৩৭ অপরাহ্ন

সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের ভাইস চেয়ারম্যান ও তা‘লীমুল কুরআন সিলেট মহানগরীর প্রধান উপদেষ্টা মুহাম্মদ ফখরুল ইসলাম বলেছেন, সমাজে অসংখ্য মানুষ রয়েছেন যাদের তিলাওয়াত সহীহ নয়। একজন মুসলিম হিসেবে পবিত্র কুরআন শুদ্ধভাবে পাঠ করা কেবল দায়িত্বই নয়, বরং ঈমানি দাবি। আজ যারা মেধার স্বাক্ষর রেখে সনদ গ্রহণ করেছেন, তাদের কাঁধে এখন এক বিশাল আমানত। সমাজের প্রতিটি স্তরে কুরআনের শিক্ষা পৌঁছে দিতে তাদেরকে অগ্রনী ভুমিকা পালন করতে হবে।
তিনি সোমবার নগরীর বন্দরবাজারস্থ কুদরত উল্লাহ জামে মসজিদ কমপ্লেক্সে অনুষ্ঠিত তা‘লীমুল কুরআন সিলেট মহানগরীর ২০৩৮তম ব্যাচের মুয়াল্লিম প্রশিক্ষণ কোর্সের সনদ বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
তা‘লীমুল কুরআন সিলেট মহানগরীর দায়িত্বশীল মাওলানা আব্দুল মুকিতের সভাপতিত্বে এবং কেন্দ্রীয় প্যানেল উস্তায ও মহানগর সেক্রেটারি আবদুল বাছেত মিলনের পরিচালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রশিক্ষণ সম্পন্নকারী মু‘আল্লিমদের হাতে সনদ তুলে দেন। এছাড়া অনুষ্ঠানে মেধা তালিকায় শীর্ষস্থান অধিকারী মাওলানা আছাদুল হক, মাওলানা আব্দুল কাদির ও মাওলানা আব্দুল কুদ্দুসসহ মোট ১৪ জন শিক্ষার্থীর হাতে সনদ ও পুরস্কার তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের পক্ষ থেকে প্রশিক্ষণকালীন অভিজ্ঞতা ও অনুভুতি ব্যক্ত করেন মাওলানা আব্দুল কাদির, মাওলানা আব্দুল কুদ্দুস, মাওলানা নূর আহমদ, মাওলানা মারুফ আলম এবং মুহাম্মদ জাফর হোসেন। তাঁরা কুরআনের খাদেম হিসেবে আমৃত্যু কাজ করে যাওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। পরিশেষে, দেশ ও জাতির কল্যাণ এবং বিশ্বব্যাপী পবিত্র কুরআনের প্রচার ও প্রসারের দোয়া কামনার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। বিজ্ঞপ্তি





