কণ্ঠসংগীতে বিজয়ী জিডিএফ’র দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের সনদ বিতরণ
প্রকাশিত হয়েছে : ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ৯:২০:৪০ অপরাহ্ন

সুরসুধা সঙ্গীতায়নের উদ্যোগে দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের নিয়ে দেশব্যাপী অনলাইন ভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় কণ্ঠসংগীত বিষয়ে বিজয়ী সিলেটের গ্রীন ডিসএ্যাবল্ড ফাউন্ডেশনের দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের মধ্যে প্রাইজমানি ও সনদ বিতরণ করা হয়েছে।
বুধবার দুপুরে সিলেট নগরীর জিন্দাবাজারস্থ জিডিএফ’র কার্যালয়ে আয়োজিত প্রাইজমানি ও সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় চক্ষু বিজ্ঞান ইন্সটিটিউট এর সহযোগী অধ্যাপক ও হাছন রাজা লোকসাহিত্য সংস্কৃতি পরিষদের সভাপতি ডা. জহিরুল ইসলাম অচিনপুরী।
গ্রীন ডিসএ্যাবল্ড ফাউন্ডেশন জিডিএফ’র মহাসচিব ও নির্বাহী পরিচালক বায়জিদ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জিডিএফ’র সমন্বয়কারী শারমিন আক্তার রেবা। জিডিএফ’র হিসাব রক্ষক মো. শাহজাহানের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন গ্রীন ডিসএ্যাবল্ড ফাউন্ডেশন (জিডিএফ) পরিচালিত জিডিএফ-ডিকেফ দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক মাওলানা আনিস, শিক্ষক আফজাল শিকদার, কলেজ শিক্ষক মলয় রায়, শিক্ষক সরুপা বেগম, ফয়জুল হাসান ফারহান, কম্পিউটার অপারেটর তাজকিয়া জান্নাত সুইটি প্রমুখ। এছাড়াও অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
সুরসুধা সঙ্গীতায়ন উদ্যোগে ২৭তম জাতীয় ও ৩৪তম আন্তর্জাতিক প্রতিবন্ধী ব্যক্তি দিবস ২০২৫ উপলক্ষে দেশব্যাপী দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের নিয়ে অনলাইন ভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় গ্রীন ডিসএ্যাবল্ড ফাউন্ডেশনের দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থী কণ্ঠসংগীত বিষয়ে ক বিভাগে অংশগ্রহণ করে প্রথম স্থান লাভকারী রাদিয়া জান্নাত তালুকদার, দ্বিতীয় স্থান লাভকারী রেশমা আক্তার রিয়া, খ বিভাগে অংশগ্রহণ করে দ্বিতীয় স্থান লাভকারী তোফায়েল হোসেন, তৃতীয় স্থান লাভকারী খাদিজাতুল কোবরা এর হাতে প্রাইজমানি ও সনদপত্র প্রদান করেন প্রধান অতিথি জাতীয় চক্ষু বিজ্ঞান ইন্সটিটিউট এর সহযোগী অধ্যাপক ডা. জহিরুল ইসলাম অচিনপুরী সহ অতিথিবৃন্দ। বিজ্ঞপ্তি





