রিকাবীবাজারে ভোক্তা অধিকারের অভিযান
প্রকাশিত হয়েছে : ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ৯:৫২:২৩ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার: রমজানকে সামনে রেখে বাজার ব্যবস্থা মনিটরিং করতে নগরীর রিকাবীবাজারে অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিলেট জেলা কার্যালয়। গতকাল বুধবার দুপুরে এই অভিযান পরিচালনা করা হয়।
সিসিকের পূর্বঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী রমজান মাসে পোল্ট্রি মুরগির দাম নির্ধারণ করা হয়েছিল ১৭০ টাকা। সরেজমিনে দেখা যায়, অনেক দোকানেই ১৮৫ টাকা বা তারও বেশি দামে বিক্রি হচ্ছে। কিছু বিক্রেতা দাবি করেন, পাইকারি বাজারে বেশি দামে কিনতে হওয়ায় খুচরা পর্যায়ে নির্ধারিত মূল্য রাখা সম্ভব হচ্ছে না। অভিযান চলাকালে অতিরিক্ত দাম না রাখতে ব্যবসায়ীদের সতর্ক করেন ভোক্তা অধিকারের কর্মকর্তারা। এসময় কর্মকর্তারা ব্যবসায়ীদের সতর্ক করে বলেন, নির্ধারিত দামের বেশি নিলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে দোকানে মূল্যতালিকা স্পষ্টভাবে টানিয়ে রাখার নির্দেশ দেওয়া হয়।
এ বিষয়ে সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকার বলেন, নির্ধারিত দামের বেশি নিলে কাউকে ছাড় দেওয়া হবে না। মোবাইল কোর্টের মাধ্যমে নিয়মিত অভিযান চলবে।





