দ্রুত স্থানীয় সরকার নির্বাচন : ফখরুল
প্রকাশিত হয়েছে : ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ১০:১২:০৮ অপরাহ্ন
জালালাবাদ ডেস্ক: দ্রুত সময়ের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনে সরকার উদ্যোগ নেবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রথম কার্যদিবস বুধবার সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
ইউনিয়ন পরিষদ, জেলা পরিষদ ও উপজেলা পরিষদের নির্বাচন কবে হতে পারে, এমন প্রশ্নের উত্তরে ফখরুল বলেন, “যত দ্রুত সম্ভব, আমরা এগুলোতে নির্বাচনের ব্যবস্থা করব। যত দ্রুত সম্ভব, এ বিষয়ে সিদ্ধান্ত নেব।”
গণঅভ্যুত্থানের পর অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নিয়ে আওয়ামী লীগের সময়ে নির্বাচিত পৌরসভা ও উপজেলা পরিষদের চেয়ারম্যান এবং কাউন্সিলরদেরকে অপসারণ করে। তবে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেম্বারদের এখনও অপসারণ করা হয়নি। তবে তাদের অনেকেই কারাবন্দি, আবার অনেকেই এলাকাছাড়া।
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিষয়ে বিএনপি সরকারের অবস্থান কী? এ প্রশ্নের জবাবে স্থানীয় সরকার মন্ত্রী বলেন, “এটা আমরা পলিটিক্যালি পরে আপনাদের জানাব। সরকারে আলোচনার পর জানাব।”





