আহলান সাহলান মাহে রমজান
প্রকাশিত হয়েছে : ২১ ফেব্রুয়ারি ২০২৬, ১২:২৬:০৮ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার: রহমতের দ্বিতীয় দিন শান্তিপূর্ণভাবে অতিবাহিত করবার পর আজ তৃতীয় দিনে পদার্পন করলেন মুসলমানরা। রমজান মাস বেশি বেশি করে ইবাদাত বন্দেগীর মাস। এমাসে ধর্মপ্রাণ মুসলমানরা তাদের ইবাদাত বন্দেগীর পরিমান বাড়িয়ে দেন। আর এ নিয়ে হাদীসেও যথেষ্ট উৎসাহিত করা হয়েছে। হাদীসে বলা হয়েছে রমজান মাসে একটি নফল ইবাদাত করলে তা অন্য মাসের ফরজ ইবাদাতের মতো সওয়াব পাওয়া যায় আর একটি ফরজ পালন করলে তা সত্তরগুণ পর্যন্ত বাড়িয়ে দেয়া হয়।
বিভিন্ন ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠান এবং মসজিদগুলো এ মাসে বিশেষ কর্মসূচী হাতে নিয়ে থাকে। পুরো রমজান মাসজুড়ে মাসব্যাপী এসব কর্মসূচী হাতে নিয়ে থাকে তারা। আর এসব কর্মসূচীর মূল কেন্দ্র হিসেবে থাকে সঠিকভাবে কুরআন শিক্ষা। সঠিকভাবে কুরআন শিক্ষা দেবার জন্য বয়স্ক কুরআন শিক্ষা, মহিলা কুরআন শিক্ষা এবং সাধারণ কুরআন শিক্ষা যা কিনা সাধারণত শিশু কিশোরদের জন্য আয়োজন করা হয়ে থাকে। বাসাবাড়িতে মহিলারা যে যার মতো সাধ্যমতো বছরের অন্য সময়ের চেয়ে এসময় ইবাদাত বন্দেগী বিশেষকরে কুরআনের চর্চা বাড়িয়ে দেন অনেকটা।
দীর্ঘদিন থেকে চলে আসা রেওয়াজ অনুযায়ী আমাদের দেশে রমজান মাস এলে সরকারী এবং বেসরকারী ভাবে এখনো অনেক সুযোগ করে দেয়া হয়। ছাড় দেয়া হয়। অফিস আদালতে সময়সূচী একমাসের জন্য আলাদা করে সাজানো হয়। কাজকর্মে কঠোরতা অনেকটা শিথিল করা হয়।
আর এই সুযোগে অনেকেই যারা সারা বছর যেভাবে আল্লাহর ইবাদাত বন্দেগী বিশেষকরে নফল ইবাদাতের সুযোগ পান না তারা ইবাদাত বন্দেগীর সুযোগ পান। মসজিদগুলোতে এসময় অনেকটা সাজ সাজ রব দেখা যায়। বাংলাদেশকে দেখলে যেনো এসময় বুঝা যায় এটি সিংহভাগ মুসলমানের দেশ।
তবে দুঃখের বিষয় অনেকেই মুসলমানদের রমজানের এই বাড়তি উৎসাহ আর আগ্রহ বিশেষ করে বেশি করে মসজিদমুখী হওয়াকে বিদ্রুপ করে মৌসুমী, সুযোগসন্ধানী কিংবা সিজনাল মুসল্লী বলে থাকেন। এটা কোনোভাবেই ঠিক নয়। কেননা রমজান মাসে বেশি বেশি ইবাদাত করতে ইসলামই তো উৎসাহিত করেছে। ইবাদাতের সওয়াব বাড়িয়ে দেবার কথা বলা হয়েছে। কাজেই আমাদের বিদ্রুপ বা ঠাট্টা করবার আগে এ বিষয়গুলো বিবেচনা করা দরকার। পাশাপাশি সারাবছর যেনো এর একটা সুন্দর ধারবাহিকতা থাকে তা নিয়ে ভাবনা চিন্তার দরকার। যারা রমজানে ইবাদাত বাড়িয়ে দেন তাদের উৎসাহিত করার পাশাপাশি নিজেদের মাঝেও এর চর্চা করা করা দরকার। সবার মাঝে যাতে এর সুন্দর ধারাবাহিকতা থাকে তার জন্য দোয়া করা দরকার। আল্লাহ আমাদের সবার ইবাদাত কবুল করুন। আমীন।




