মালয়েশিয়া-বাংলাদেশ বাণিজ্য ও বিনিয়োগ জোরদারে উচ্চপর্যায়ের বৈঠক
প্রকাশিত হয়েছে : ২০ ফেব্রুয়ারি ২০২৬, ৭:৪৪:০৪ অপরাহ্ন

মালয়েশিয়া প্রতিনিধি: মালয়েশিয়ায় বাংলাদেশের হাইকমিশনার মনজুরুল করিম খান চৌধুরী ১৯ ফেব্রুয়ারি মালয়েশিয়ার মিনিস্ট্রি অব ইনভেস্টমেন্ট, ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রি (এমআইটিআই)-এর মন্ত্রী দাতুক সেরি জোহরি আব্দুল গনির সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হন। বৈঠকে দুই দেশের দ্বিপাক্ষিক ট্রেড ও ইনভেস্টমেন্ট-সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়।
আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল মালয়েশিয়া ও বাংলাদেশের মধ্যে দ্বিপাক্ষিক বিজনেস ও ইনভেস্টমেন্ট বৃদ্ধি, ফ্রি ট্রেড এগ্রিমেন্ট (এফটিএ) নেগোশিয়েশন শুরু করার সম্ভাবনা, জয়েন্ট বিজনেস কাউন্সিল গঠন চূড়ান্তকরণ এবং ইনভেস্টমেন্ট-সংক্রান্ত মেমোরেন্ডাম অব আন্ডারস্ট্যান্ডিং (এমওইউ) সাইনিং প্রক্রিয়া সম্পন্ন করা। পাশাপাশি হালাল ট্রেড সম্প্রসারণ ও রাবার সেক্টরে পারস্পরিক কো-অপারেশন জোরদারের বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।
বৈঠকে বাংলাদেশে মালয়েশিয়ান ইনভেস্টমেন্ট বৃদ্ধির সুযোগ, লেবার-ইনটেনসিভ ইন্ডাস্ট্রি ও ফ্যাক্টরি বাংলাদেশে রিলোকেশন বা স্থানান্তরের সম্ভাবনা এবং মালয়েশিয়ার ইন্ডাস্ট্রিতে ব্যবহারের জন্য বাংলাদেশের প্রসেসড জুট এক্সপোর্টের সুযোগ নিয়েও আলোচনা হয়। উভয়পক্ষই পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট খাতে সহযোগিতা আরও শক্তিশালী করার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন।
বৈঠকে এমআইটিআই মন্ত্রণালয়ের সেক্রেটারি জেনারেল দাতুক হাইটিল ইয়াহরি ইয়াকুব, ডেপুটি সেক্রেটারি জেনারেল দাতুক মাসতুরা আহমাদ মোস্তাক, সিনিয়র ডিরেক্টর ডক্টর রাশিদি সাইদ, সিনিয়র প্রাইভেট সেক্রেটারি মোহাম্মদ নাজিব আব্দুল্লাহ, প্রিন্সিপাল অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর আহমাদ আলসারাফ আহমাদ মোক্তার এবং অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর সিতি নূর আশিকিন মাত তাকির উপস্থিত ছিলেন।
এছাড়া মালয়েশিয়া এক্সটার্নাল ট্রেড ডেভেলপমেন্ট করপোরেশন (ম্যাট্রেড)-এর ডেপুটি চিফ এক্সিকিউটিভ অফিসার এস জাই শংকর, বাংলাদেশ হাইকমিশনের ডেপুটি হাইকমিশনার মোসাম্মৎ শাহানারা মনিকা এবং ফার্স্ট সেক্রেটারি (কমার্শিয়াল) প্রণব কুমার ঘোষও বৈঠকে অংশ নেন।
সংশ্লিষ্টরা মনে করেন, এই উচ্চপর্যায়ের আলোচনা মালয়েশিয়া ও বাংলাদেশের মধ্যে অর্থনৈতিক সম্পর্ককে নতুন মাত্রায় উন্নীত করবে এবং ভবিষ্যতে ট্রেড, ইনভেস্টমেন্ট ও ইন্ডাস্ট্রিয়াল কো-অপারেশনে ইতিবাচক অগ্রগতি বয়ে আনবে।





