জগন্নাথপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান
প্রকাশিত হয়েছে : ২০ ফেব্রুয়ারি ২০২৬, ৭:৫৮:১৪ অপরাহ্ন

জগন্নাথপুর প্রতিনিধি: সুনামগঞ্জের জগন্নাথপুরে মাহে রমজানে দ্রব্যমূল্যের বাজার নিয়ন্ত্রণে রাখতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। শুক্রবার বিকেলে জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মহসীন উদ্দিনের নেতৃত্বে জগন্নাথপুর সদর বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়। এ সময় আদালতের সঙ্গে দায়িত্ব পালন করেন জগন্নাথপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. খালেদ সাইফুল্লাহ ও থানা পুলিশ। অভিযানকালে কাঁচাবাজার, মুরগি বাজার, ডিম ব্যবসায়ী, মুদি দোকান, ফলের দোকান, মিষ্টি দোকানসহ অনেক দোকানপাট পরিদর্শন করেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় ক্রয় রশিদ সংরক্ষণ না করায় একটি ব্যবসা প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়। একই সঙ্গে বাজারের সকল ব্যবসায়ীদের পণ্য মূল্য তালিকা প্রদর্শন ও নির্ধারিত দামে পণ্য বিক্রয়ের জন্য সতর্ক করা হয়েছে।
জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মহসীন উদ্দিন বলেন, জগন্নাথপুর বাজারে দ্রব্যমূল্য স্বাভাবিক রাখতে বাজার মনিটরিং এর আওতায় এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।





