বকেয়া পরিশোধ না করায় দেশে নিষিদ্ধ ভারতীয় বিমান স্পাইসজেট
প্রকাশিত হয়েছে : ২০ ফেব্রুয়ারি ২০২৬, ৮:১৪:৩৯ অপরাহ্ন

জালালাবাদ ডেস্ক : আকাশসীমা ব্যবহারের ফি বাবদ স্পাইসজেটের কাছে বড় অঙ্কের পাওনা রয়েছে বাংলাদেশের। দীর্ঘ সময় ধরে তাগাদা দেয়া সত্ত্বেও সংস্থাটি বকেয়া অর্থ পরিশোধ না করায় বাংলাদেশের আকাশপথ স্পাইসজেটের জন্য বন্ধ করে দেয়া হয়েছে। এর ফলে বাংলাদেশের আকাশসীমা ব্যবহার করতে না পারায় বাধ্য হয়ে দীর্ঘ পথ ঘুরিয়ে উড়োজাহাজ চালাতে হচ্ছে সংস্থাটিকে। বিশেষ করে কলকাতা থেকে গৌহাটিসহ ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় শহরগুলোর ফ্লাইটে এই প্রভাব পড়েছে।
ভারতীয় সংবাদ সংস্থা পিটিআইকে স্পাইসজেটের একজন মুখপাত্র জানান, আকাশপথ ব্যবহার সংক্রান্ত ফিসহ অন্যান্য পরিচালনাগত বিষয়ে তাঁরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন। এই বিষয়গুলোকে ‘নিয়মিত সমস্যা’ হিসেবে উল্লেখ করে বিবৃতিতে বলা হয়, আমরা দ্রুত এই সমস্যার সমাধানের জন্য কাজ করছি। আমাদের ফ্লাইট পরিচালনায় এর কোনো নেতিবাচক প্রভাব পড়েনি এবং নিয়ম মেনেই নির্ধারিত সূচি অনুযায়ী আমরা সেবা দিয়ে যাচ্ছি।
তবে সংশ্লিষ্ট সূত্রের বরাতে পিটিআই জানিয়েছে, বকেয়া অর্থ পরিশোধ না করার কারণেই বাংলাদেশ এই নিষেধাজ্ঞা আরোপ করেছে। যদিও বকেয়া অর্থের পরিমাণ ঠিক কত, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ‘ফ্লাইটরাডার২৪ ডটকম’ এর তথ্য বলছে, কলকাতা থেকে ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় শহর গৌহাটি ও ইম্ফলের মধ্যে চলাচলকারী স্পাইসজেটের ফ্লাইটগুলো বাংলাদেশের আকাশসীমা এড়িয়ে অনেকটা পথ ঘুরে গন্তব্যে যাচ্ছে।





