হবিগঞ্জে বিপুল গাঁজাসহ আটক ২
প্রকাশিত হয়েছে : ২০ ফেব্রুয়ারি ২০২৬, ১০:০১:১৪ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : হবিগঞ্জের মাধবপুর উপজেলা থেকে বিপুল পরিমান গাঁজাসহ ২ মাদক কারবারিকে আটক করেছে র্যাব-৯। বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ৯টার দিকে উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের একটি সড়কে চেকপোস্ট পরিচালনাকালে সিএনজিচালিত অটোরিকশাকে থামানোর সংকেত দিলে ভেতরে থাকা দুই ব্যক্তি পালানোর চেষ্টা করেন। পরে তাদের আটক করে তল্লাশি চালিয়ে সিএনজির ভেতর থেকে ১০টি পলিথিনে মোড়ানো মোট ৫০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
আটককৃতরা হলেন— ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার ফান্দাউক গ্রামের মো. খসরু মিয়ার পুত্র মো. ফারুক মিয়া (৩০)ও একই উপজেলার আশুরাইল গ্রামের হাজী চুনু মিয়ার পুত্র মো. রুকু মিয়া (২৮)।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানিয়েছেন, তারা হবিগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে বিক্রির উদ্দেশ্যে বহন করছিলেন।
এর সত্যতা নিশ্চিত করে র্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে. এম. শহিদুল ইসলাম সোহাগ জানান, উদ্ধারকৃত গাঁজা ও ব্যবহৃত সিএনজি অটোরিকশা জব্দ করা হয়েছে। আইনানুগ ব্যবস্থাগ্রহণপূর্বক আটককৃতদের মাধবপুর থানায় হস্থান্তর করা হয়েছে।




