দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে প্রশাসনের অভিযান
প্রকাশিত হয়েছে : ২০ ফেব্রুয়ারি ২০২৬, ১০:০৩:২০ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার: পবিত্র মাহে রমজানকে কেন্দ্র করে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির অভিযোগে সিলেটের বাজারে অভিযান চালিয়েছে প্রশাসন। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে নগরীর গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এলাকা আম্বরখানা, এয়ারপোর্ট রোড ও দর্শন দেউরি এলাকায় যৌথভাবে এ অভিযান পরিচালনা করে সিলেট জেলা প্রশাসন এবং বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ।
অভিযানে বাজারের পাইকারি ও খুচরা দোকানগুলোতে মূল্যতালিকা, পণ্যের মজুদ, সংরক্ষণ পদ্ধতি এবং খাদ্যের মান যাচাই করা হয়। প্রশাসনের কর্মকর্তারা হঠাৎ করে বিভিন্ন দোকানে প্রবেশ করে পণ্যের ক্রয়মূল্য ও বিক্রয়মূল্যের হিসাবপত্র পর্যালোচনা করেন।
অভিযানকালে ব্যবসায়ীদের স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়, রমজানকে কেন্দ্র করে কৃত্রিম সংকট সৃষ্টি বা অতিরিক্ত লাভের উদ্দেশ্যে পণ্যের দাম বাড়ানোর চেষ্টা করা হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখতে এবং ভোক্তাদের স্বার্থ রক্ষায় প্রশাসন নিয়মিত মনিটরিং চালিয়ে যাবে বলেও সতর্ক করা হয়।
প্রথম দিনের অভিযানে কাউকে জরিমানা করা হয়নি। তবে বেশ কয়েকজন ব্যবসায়ীকে তাৎক্ষণিকভাবে মূল্যতালিকা হালনাগাদ করতে এবং দোকানের সামনে দৃশ্যমান স্থানে তা টানিয়ে রাখতে নির্দেশনা দেওয়া হয়। খাদ্যপণ্যের মান ও সংরক্ষণে অবহেলা না করার বিষয়েও কড়া বার্তা দেওয়া হয়েছে।
সিলেটের নিরাপদ খাদ্য অফিসার সৈয়দ সারফরাজ হোসেন বলেন, রমজান মাসে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে প্রশাসনের পক্ষ থেকে ধারাবাহিক অভিযান ও নজরদারি অব্যাহত থাকবে। কোনো ব্যবসায়ী যদি ভোক্তাদের সঙ্গে প্রতারণা বা অতিরিক্ত মূল্য আদায়ের অভিযোগে অভিযুক্ত হন, তাহলে তাৎক্ষণিকভাবে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ব্যবস্থা নেওয়া হবে।




