ছাতকে দু’পক্ষের সংঘর্ষে আহত অর্ধশতাধিক
প্রকাশিত হয়েছে : ২২ ফেব্রুয়ারি ২০২৬, ৬:৪১:৫৮ অপরাহ্ন

ছাতক প্রতিনিধি: ছাতকে লেবারপাড়া-দক্ষিণ বাগবাড়ি গ্রামের দু’পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুক্রবার পেপার মিল বাজারে এ সংঘর্ষের ঘটনা ঘটে। ইফতারের সময় থেকে প্রায় দুই ঘন্টাব্যাপী দফায় দফায় হামলা-পাল্টা হামলা ও সংঘর্ষের ঘটনায় উভয়পক্ষের অর্ধশত আহত হয়েছেন। সংঘর্ষ চলাকালে উভয়পক্ষের লোকজন ইট পাটকেল ও দেশীয় অস্ত্রের ব্যবহার করেছে। সংঘর্ষের কারণে ছাতক-জাউয়াবাজার সড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়ে। সংঘর্ষকারীরা ভাংচুর ও একটি মোটর সাইকেল পুড়িয়েছে।
স্থানীয় সুত্রে জানা গেছে, রাজনৈতিক প্রতিহিংসার জেরে এই সংঘর্ষের ঘটনা ঘটে। দক্ষিণ বাগবাড়ি-লেবারপাড়া গ্রামের মৃত আলমাছ আলীর পুত্র সাবেক কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা মো. আছাব মিয়া ও একই গ্রামের মৃত শাহানুর মিয়ার পুত্র, পৌর যুবদলের আহবায়ক মো. খায়ের উদ্দিন পক্ষের মধ্যে সংঘর্ষের সুত্রপাত হলে পরে তা গ্রামজুড়ে ছড়িয়ে পড়ে। সংঘর্ষে আহতদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল, ছাতক হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
সংঘর্ষে আহত মরহুম শাহনুর মিয়ার পুত্র খায়ের উদ্দিন (৪০), মরহুম আলমাছ আলীর পুত্র শামীম আহমেদ (৩৫), মোবারক আলীর পুত্র পাভেল আহমেদ (৩০), হুশিয়ার আলীর পুত্র জসীম উদ্দীন (৩২) কে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দুইঘন্টা সংঘর্ষের পর থানা পুলিশ ও সেনাবাহিনীর একটি টিম ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে। পুলিশ জানিয়েছে, এলাকার পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোন মামলা দায়ের করা হয়নি।





