দুর্নীতি মুক্তকরণ ফোরামের মাতৃভাষা দিবস পালন
প্রকাশিত হয়েছে : ২২ ফেব্রুয়ারি ২০২৬, ৯:১৭:৫১ অপরাহ্ন

দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের নেতৃবৃন্দ বলেছেন, ২১ ফেব্রুয়ারি আমাদের জাতীয় ইতিহাসে একটি স্মরণীয় দিন। ভাষা আন্দোলন কেবল ভাষার দাবী প্রতিষ্ঠার আন্দোলন ছিল না। এটি ছিল একটি জাতিগোষ্ঠির আত্মপরিচয় ও প্রতিষ্ঠার সংগ্রাম। ’৫২ এর পথ ধরেই বাংলাদেশ সৃষ্টি হয়েছে। আফসোসের বিষয় বর্ণমালা সমৃদ্ধ প্রাচীন সিলেটি নাগরি ভাষা আজ উপেক্ষিত হচ্ছে। প্রাথমিক শিক্ষার বিভিন্ন শ্রেণিতে বাংলাদেশের ক্ষুদ্র জনগোষ্ঠির ৫টি ভাষায় শিক্ষা উপকরণ প্রস্তুত ও পাঠদান শুরু হয়েছে, কিন্তু সিলেটি নাগরি ভাষা উন্নয়নে রাষ্ট্র ও দেশের মাতৃভাষা ইন্সটিটিউটের কোন কার্যকর ভূমিকা দৃশ্যমান নেই। বক্তারা সিলেটি নাগরি ভাষা-কে লিখিত ভাষা চালু ও রাষ্ট্রের ২য় ভাষা হিসেবে স্বীকৃতি দেয়ার দাবী জানান।
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা উপলক্ষে কেন্দ্রীয় কমিটির উদ্যোগে সিলেট নগরীর বন্দরবাজারের কুদরত উল্লাহ মসজিদ মার্কেটস্থ তয় তলায় অস্থায়ী কার্যালয়ে এক আলোচনা সভায় বক্তাগণ উপরোক্ত কথাগুলো বলেন।
দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের কেন্দ্রীয় সভাপতি ইকবাল হোসেন চৌধুরীর সভাপতিত্বে ও কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মকসুদ হোসেনের পরিচালনায় আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন স্থায়ী কমিটির সদস্য নেছারুল হক চৌধুরী, উপদেষ্টা ড. রমেন্দ্র নাথ ভট্টাচার্য্য, কেন্দ্রীয় সিনিয়র সহ সভাপতি ডা. অরুণ কুমার দেব, সহ সভাপতি মো. লায়েক মিয়া, সিলেট মহানগর শাখার আহবায়ক আব্দুর গফুর, যুব নেতা রিকন তালুকদার লিকন, জুয়েল আহমদ নিপু প্রমুখ। পরে ভাষা শহীদের রূহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। বিজ্ঞপ্তি





