কুড়িগ্রামে স্ত্রী হন্তা স্বামী সিলেটে আটক
প্রকাশিত হয়েছে : ২২ ফেব্রুয়ারি ২০২৬, ১০:০৮:১১ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : কুড়িগ্রামের নাগেশ্বরীতে স্ত্রীকে কুপিয়ে হত্যার ঘটনায় অভিযুক্ত পলাতক স্বামীকে সিলেট নগরী থেকে আটক করেছে র্যাব-৯। শনিবার (২১ ফেব্রুয়ারী) রাত আনুমানিক ১০টার দিকে নগরীর কোতোয়ালী থানাধিন কানিশাইল ঈদগাহ মসজিদের পাশ থেকে তাকে আটক করা হয়। আটককৃতের নাম শহিদুল ইসলাম বাবলু (৫৫)। তিনি কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী থানার ভিতর বন্দ (বানিয়ার ভিটা) গ্রামের রজব আলীর ছেলে।
র্যাব-৯ সূত্র জানায়, নিহত মহিনা বেগম কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার বানিয়ার ভিটা এলাকার বাসিন্দা ছিলেন। তিনি স্বামী ও দুই সন্তানকে নিয়ে ঢাকার কেরানীগঞ্জ এলাকায় বসবাস করতেন। গত বছরের (৬ ডিসেম্বর) তারা গ্রামের বাড়িতে যান। পরিবার সূত্রে জানা যায়, বিভিন্ন এনজিও ও ব্যক্তির কাছ থেকে নেওয়া ঋণ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে উদ্বেগ ও টানাপোড়েন চলছিল।
গত (১১ জানুয়ারি) রাতে পরিবারের সদস্যরা খাবার শেষে নিজ নিজ কক্ষে ঘুমিয়ে পড়েন। পরদিন ভোরে নিহতের স্বজনরা ঘরের দরজা বাইরে থেকে আটকানো অবস্থায় দেখতে পান। পরে দরজা খুলে ভেতরে ঢুকে খাটের ওপর গলায় ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতপ্রাপ্ত অবস্থায় তাকে পড়ে থাকতে দেখেন। এ সময় স্বামীকে ঘরে পাওয়া যায়নি। পরিবারের অভিযোগ, পারিবারিক বিরোধের জেরে তাকে হত্যা করে স্বামী পালিয়ে যান। এ ঘটনায় নিহতের ছেলে বাদী হয়ে নাগেশ্বরী থানায় হত্যা মামলা করেন। ঘটনার পর বিষয়টি স্থানীয় ও জাতীয় পর্যায়ে ব্যাপক আলোচনার জন্ম দেয়।





