ওসিকে গালিগালাজ: হবিগঞ্জে বিএনপি সভাপতি আটক
প্রকাশিত হয়েছে : ২২ ফেব্রুয়ারি ২০২৬, ১০:০৮:৫৬ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : মোবাইল ফোনে থানার ওসিকে গালিগালাজ ও অশালীন মন্তব্য করার অভিযোগে উপজেলা বিএনপির সভাপতিকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। রোববার (২২ ফেব্রুয়ারি) দুপুরে হবিগঞ্জ শহরের শায়েস্তানগর এলাকা থেকে বাহুবল উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস চৌধুরী তুষারকে আটক করে পুলিশ। বর্তমানে তাকে ডিবি হেফাজতে রাখা হয়েছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে পুলিশ জানায়।
এর আগে শনিবার বিকেলে বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলামকে উদ্দেশ্য করে তুষারের অশালীন মন্তব্য করা একটি অডিও ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। অডিওটি দ্রুত ভাইরাল হলে বিষয়টি নিয়ে বিভিন্ন মহলে সমালোচনা শুরু হয়।
শনিবার (২১ ফেব্রুয়ারি) রাতে ফেসবুকসহ বিভিন্ন সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ওই অডিও কলে ওসিকে আপত্তিকর ভাষায় গালিগালাজ করতে শোনা যায় বলে দাবি করা হয়। জানা যায়, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সদস্য মখলিছুর রহমানের সঙ্গে ওসির ফোনালাপ চলাকালে তুষার উত্তেজিত হয়ে এ ধরনের মন্তব্য করেন, এমন একটি কল রেকর্ড প্রচারিত হয়।
এ বিষয়ে ওই রাতে ওসি মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, উপজেলা বিএনপির সভাপতির একটি কল তিনি গ্রহণ করতে পারেননি। পরে অন্য একটি ফোন থেকে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করা হয় এবং বাহুবলে দায়িত্ব পালনের ক্ষেত্রে তাকে অনুমতি নেওয়ার হুমকিও দেওয়া হয়।
তবে অভিযোগ অস্বীকার করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)র ওই উপজেলা সভাপতি ফেরদৌস আহমেদ চৌধুরী তুষার দাবি করেন, তিনি সরাসরি ফোন করে এমন মন্তব্য করেননি এবং এ ধরনের অভিযোগের প্রমাণ দেখাতে চ্যালেঞ্জ জানান।
পাল্টা অভিযোগে তিনি বলেন, বর্তমান ওসির বিরুদ্ধে মাদক ও জুয়াসহ বিভিন্ন অবৈধ কর্মকাণ্ডে সম্পৃক্ততার অভিযোগ রয়েছে বলে স্থানীয়দের মধ্যে ক্ষোভ রয়েছে। একই সঙ্গে তিনি বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান।




