অভিযানে আটক ৯
প্রকাশিত হয়েছে : ২২ ফেব্রুয়ারি ২০২৬, ১০:১১:১৭ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : সিলেটের সীমান্তবর্তী পর্যটন এলাকা জাফলংয়ে এ অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে টাস্কফোর্সের অভিযানে ৯ জনকে আটক করা হয়েছে। এ সময় প্রায় ৫৫ হাজার ঘনফুট বালু জব্দ করা হয়েছে।
রোববার (২২ ফেব্রুয়ারি) সকাল থেকে বিকেল পর্যন্ত গোয়াইনঘাট উপজেলার জাফলং, জুমপাড়া ও বল্লাঘাট এলাকায় এ অভিযান পরিচালিত হয়। তাৎক্ষনিকভাবে আটককৃতদের নাম জানা পরিচয় জানা যায়নি।
সংশ্লিষ্ট সূত্র জানায়, অভিযানে অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত আনুমানিক ৮০ থেকে ৯০টি বারকি নৌকা এবং ১৫টি ইঞ্জিনচালিত নৌকা বিনষ্ট করা হয়েছে। অভিযানে নেতৃত্ব দেন গোয়াইনঘাট উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ওমর ফারুক। এসময় সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, ওসি (তদন্ত)সহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। পাশাপাশি সীমান্ত নিরাপত্তা বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরাও অভিযানে অংশ নেন।
টাস্কফোর্সের পক্ষ থেকে জানানো হয়েছে, পরিবেশ ও নদী রক্ষায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে। একই সঙ্গে এ কাজে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানিয়েছে প্রশাসন।





