সিসিকের প্রশাসক হলেন কাইয়ুম চৌধুরী
প্রকাশিত হয়েছে : ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ১:০৫:১১ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : সিলেট সিটি করপোরেশনের (সিসিক) প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী। রোববার (২২ ফেব্রুয়ারি) রাতে স্থানীয় সরকার বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ নিয়োগ দেওয়া হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, সিলেটে আব্দুল কাইয়ুম চৌধুরী, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন মো. আব্দুস সালাম আর মো. শফিকুল ইসলাম খানকে ঢাকা উত্তর সিটি করপোরেশনের দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়াও খুলনা সিটি করপোরেশনে নজরুল ইসলাম মঞ্জু, নারায়ণগঞ্জে মো. সাখাওয়াত হোসেন খান এবং গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক হয়েছেন মো. শওকত হোসেন সরকার।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, স্থানীয় সরকার (সিটি করপোরেশন) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪ এর ধারা ২৫ক এর উপধারা (১) এর অনুবৃত্তিক্রমে তাদের করপোরেশন গঠিত না হওয়া পর্যন্ত অথবা পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত তাদের নামের পাশে বর্ণিত সিটি করপোরেশনের পূর্ণকালীন প্রশাসক হিসেবে নিয়োগ প্রদান করা হয়েছে।
আরও উল্লেখ করা হয়, নিয়োগকৃত প্রশাসকগণ সিটি করপোরেশনের মেয়রের ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন। তারা বিধি মোতাবেক ভাতা পাবেন। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট সরকার সিলেট সিটি করপোরেশনের নির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের অপসারণ করে। এর পর থেকে সাময়িকভাবে সিলেটের বিভাগীয় কমিশনার সিটি করপোরেশনের প্রশাসকের দায়িত্ব পালন করে আসছিলেন।
আব্দুল কাইয়ুম চৌধুরী সিলেট জেলা বিএনপির সভাপতি হিসেবে দীর্ঘদিন ধরে রাজনীতিতে সক্রিয় রয়েছেন এবং দলীয় রাজনীতিতে একজন পরিচিত মুখ।





