রমজানে মসজিদমুখী তারুণ্য, মালয়েশিয়ায় নতুন আশার দিগন্ত
প্রকাশিত হয়েছে : ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ৭:৫৩:১৪ অপরাহ্ন

মালয়েশিয়া প্রতিনিধি : মালয়েশিয়ায় পবিত্র রমজানকে ঘিরে মসজিদভিত্তিক তারুণ্যের জাগরণে শুরু হয়েছে এক অনন্য উদ্যোগ। দেশের প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম তাঁর ফেসবুক পোস্টে জানান, আলহামদুলিল্লাহ—২২ ফেব্রুয়ারি কুয়ালালামপুরের জালান দুতায় অবস্থিত ঐতিহ্যবাহী মসজিদ উইলাইয়া পারসাকোতান প্রাঙ্গণে আয়োজিত ইফতার মাহফিল ও ‘রাকান মসজিদ এক্স রাকান মুদা রমাদান’ উদ্বোধনী অনুষ্ঠানে আসাতিজা ও তরুণদের সঙ্গে মিলিত হওয়ার সৌভাগ্য হয়েছে তাঁর।
এই ব্যতিক্রমী আয়োজনের উদ্যোগ নেয় জাবাতান কেমাজুয়ান ইসলাম মালয়েশিয়া (জাকিম) এবং কেমন্ত্রীয়ান বেলিয়া দান সোকান। সংশ্লিষ্টরা জানান, রমজানকে কেন্দ্র করে তরুণ প্রজন্মকে মসজিদমুখী করার এই প্রয়াস সমাজ গঠনে ইতিবাচক ভূমিকা রাখবে। ধর্মীয় ও নৈতিক শিক্ষার আলোয় আলোকিত প্রজন্ম গড়ে তুলতেই এ সমন্বিত উদ্যোগ।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বিভাগের ধর্ম বিষয়ক মন্ত্রী ও যুব ও ক্রীড়া মন্ত্রীর পারস্পরিক সমন্বয়ের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। বক্তারা বলেন, রমজান কেবল সংযমের মাস নয়-এটি আত্মশুদ্ধি, নৈতিক উন্নয়ন ও সামাজিক সংহতির এক অনন্য মাদরাসা। তরুণদের বিভেদমুখী ইস্যু থেকে দূরে রেখে তাকওয়ার চেতনায় গড়ে তোলাই হওয়া উচিত সময়ের অঙ্গীকার।
বক্তারা আরও বলেন, বর্তমান সময়ে তরুণদের সামনে নানা চ্যালেঞ্জ রয়েছে। তথ্যপ্রযুক্তির বিস্তার যেমন সম্ভাবনার দ্বার উন্মুক্ত করেছে, তেমনি বিভ্রান্তির ঝুঁকিও বাড়িয়েছে। তাই মসজিদভিত্তিক কার্যক্রম, দ্বীনি শিক্ষা ও নৈতিক দিকনির্দেশনা তাদের সঠিক পথে রাখার কার্যকর মাধ্যম হতে পারে।
ইফতার ও আলোচনা শেষে উপস্থিত তরুণদের মধ্যে ছিল উচ্ছ্বাস ও প্রত্যাশা। তারা জানান, এমন উদ্যোগ তাদের মসজিদের সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় করবে এবং রমজানের চেতনাকে জীবনের প্রতিটি ক্ষেত্রে বাস্তবায়নে অনুপ্রাণিত করবে।




