কানাইঘাট সীমান্তে যৌথ অভিযানে বিপুল বিস্ফোরক উদ্ধার
প্রকাশিত হয়েছে : ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ৯:২৪:৪২ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : সিলেট সীমান্তে বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার করেছে যৌথবাহিনী। রোববার দিবাগত রাত ১১টার দিকে কানাইঘাট সীমান্তের ধর্মপুর এলাকায় নাশকতার উদ্দেশ্যে মজুদ করে রাখা এসব বিস্ফোরক পাওয়ার জেল ও ইলেকট্রিক ডেটনেটর উদ্ধার করে বর্ডার গার্ড বাংলাদে-বিজিবি ও র্যাব-৯।
এসময় পলিথিনে মোড়ানো ও গাছের ডালপালা দিয়ে আচ্ছাদিত অবস্থায় ১৪টি বিস্ফোরক পাওয়ার জেল ও ১৪টি ইলেকট্রিক ডেটনেটর উদ্ধার করা হয়। তবে এসময় কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি।
বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সিলেট সেক্টরের আওতাধীন সুরাইঘাট বিওপি এলাকায় অভিযানে জকিগঞ্জ ব্যাটালিয়ন ১৯ বিজিবি ও র্যাব-৯ এর সদস্যরা যৌথভাবে অংশ নেন।
সোমবার এর সত্যতা নিশ্চিত করে জকিগঞ্জ ব্যাটালিয়ন ১৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জুবায়ের আনোয়ার জানান, উদ্ধারকৃত ইলেকট্রিক ডেটনেটর ব্যবহার করে উচ্চ ক্ষমতাসম্পন্ন ইমপ্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) তৈরি করা সম্ভব। যা দেশের স্থিতিশীলতা বিঘ্নিত করতে ব্যবহৃত হতে পারত। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এসব বিস্ফোরক চোরাচালানের মাধ্যমে নাশকতার উদ্দেশ্যে দেশে আনা হচ্ছিল।
বিজিবি আরও জানায়, সীমান্ত এলাকায় নিবিড় গোয়েন্দা তৎপরতা, সতর্ক অবস্থান এবং নিয়মিত অভিযানের ফলে বড়ধরনের নাশকতার চেষ্টা প্রতিহত করা সম্ভব হয়েছে। সীমান্তে মাদক, অস্ত্র ও বিস্ফোরকসহ সব ধরনের চোরাচালান প্রতিরোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান ও গোয়েন্দা কার্যক্রম অব্যাহত থাকবে।





