র্যাবের অভিযানে বিপুল ইসকফ সিরাপসহ আটক ১
প্রকাশিত হয়েছে : ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ৯:২৬:৪৮ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : র্যাব-৯ এর পৃথক অভিযানে ব্রাক্ষণবাড়িয়া বিজয়নগর উপজেলার বিভিন্ন এলাকা থেকে ১৬৬ বোতল নিষিদ্ধ ইসকফ সিরাপ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
রোববার (২২ ফেব্রুয়ারি) সন্ধ্যা ও রাতের পৃথক সময়ে বিজয়নগর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের কদমতলী বাজার ও সিংগারবিল ইউনিয়নের কাশিনগর এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়।
র্যাব-৯ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার সন্ধ্যা আনুমানিক ৭টা ৫০ মিনিটে বিজয়নগর উপজেলার কদমতলী বাজার এলাকায় অভিযান চালানো হয়। এ সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে দুইজন ব্যক্তি পালানোর চেষ্টা করে। তাদের মধ্যে একজনকে আটক করা হলেও অন্যজন পালিয়ে যায়। আটককৃত ব্যক্তির দেওয়া তথ্যের ভিত্তিতে তার হেফাজত থেকে একটি খাকি ও সবুজ রঙের কার্টনের ভেতর রাখা ৪৬ বোতল ইসকফ সিরাপ উদ্ধার করা হয়।
আটককৃত ব্যক্তি হলেন— মো. ইকরাম হোসেন (২১), সরাইল উপজেলার বেতলা এলাকার বাসিন্দা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি জানান, সীমান্তবর্তী এলাকা থেকে ইসকফ সিরাপ সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে বিক্রির উদ্দেশ্যে মজুদ করেছিলেন।
পরবর্তীতে একই দিন রাত আনুমানিক ১১টা ৫ মিনিটে কাশিনগর এলাকায় আরও একটি অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় একটি সাদা প্লাস্টিকের বস্তা থেকে অতিরিক্ত ১২০ বোতল ইসকফ সিরাপ উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় সংশ্লিষ্ট কাউকে আটক করা সম্ভব হয়নি।
র্যাব জানায়, আটককৃত ব্যক্তি ও পলাতক আসামির বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে। আটক আসামি ও উদ্ধারকৃত আলামত সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
এ তথ্যটি নিশ্চিত করেন র্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে. এম. শহিদুল ইসলাম সোহাগ জানান, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে তাদের গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।





