নগরজুড়ে জেলা প্রশাসনের ভেজাল বিরোধী অভিযান
প্রকাশিত হয়েছে : ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ৯:৩৩:৪৪ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : সিলেটে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে মাঠে কাজ করছে প্রশাসন। সোমবার পৃথক অভিযানে ভেজাল কসমেটিক্স পণ্য জব্দ ও দোকানকে জরিমানার পাশাপাশি মুরগি ব্যবসায়ীকেও জরিমানা করা হয়েছে। এছাড়া সবজিওয়ালাদের সতর্ক করেছে প্রশাসন।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) বিকাল ৪টার দিকে নগরীর বন্দরবাজার এলাকার লালদিঘীরপাড় হকার্স মার্কেটে অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করা হয়। সিলেটের জেলা প্রশাসন, ভোক্তা অধিকার অধিদপ্তর ও র্যাব-৯ এর যৌথ উদ্যোগে এই অভিযান পরিচালিত হয়। অভিযানের চলাকালে কাঁচাবাজারগুলোতে দ্রুত তরকারির দাম অর্ধেকে নেমে আসে বলে প্রত্যক্ষদর্শী ক্রেতারা জানিয়েছেন।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিলেটের উপপরিচালক মো. আরিফ মুর্শেদ মিশু জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় লালদিঘীরপার হকার্স মার্কেটের বি ব্লক, ১৭নং গলির ৭৫৮নং দোকান রুদ্রাক্ষি এন্টারপ্রাইজের গুদামে প্রচুর বিক্রয় নিষিদ্ধ ভেজাল কসমেটিক্স সামগ্রী মজুত রয়েছে যা মানব দেহের স্কিন ক্যান্সারের জন্য দায়ী। এরপর তারা র্যাব-৯ সদস্যদের সহযোগীতায় অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ ও দোকানটির একজন কর্মচারীকে আটক করেন। পরে ৬০ হাজার টাকা জরিমানা আদায় করে আটক কর্মচারীকে ছেড়ে দেওয়া হয় এবং ওইসব ভেজাল পণ্য প্রকাশ্যে পুড়িয়ে ফেলা হয়েছে। এসময় অবৈধভাবে আমদানিকৃত নকল অলিভওয়েলসহ বিভিন্ন ধরনের ভারতীয় পণ্যও জব্দ করা হয়।
দ্রব্যমূল্যের উর্ধ্বগতি রোধ ও ভেজাল প্রতিরোধে এই ধরণের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিলেটের উপপরিচালক মো. আরিফ মুর্শেদ মিশু।




