গতবছর বিদেশে পাড়ি জমান ১১ লাখেরও বেশি বাংলাদেশি
প্রকাশিত হয়েছে : ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ৯:১৩:৪২ অপরাহ্ন

জালালাবাদ রিপোর্ট : ২০২৫ সালে শ্রম বাজার সংকুচিত হওয়া সত্ত্বেও কাজ নিয়ে বিশ্বের বিভিন্ন দেশে পাড়ি জমিয়েছেন ১১ লাখেরও বেশি বাংলাদেশি। জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। বিপুল সংখ্যক বাংলাদেশি বিদেশ গমন করায় রেমিট্যান্সে আশার আলো জাগাচ্ছে।
বিএমইটির তথ্যমতে, বিভিন্ন দেশে পাড়ি জমিয়েছেন ১১ লাখ ৩১ হাজার ১৭৩ বাংলাদেশি, যার ৬৬ দশমিক ৭২ শতাংশ গেছেন মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবে, যা ৭ লাখ ৫৪ হাজার ৬৭১ জন। এছাড়া সিঙ্গাপুর ৭০ হাজার ১৮২, কুয়েত ৪২ হাজার ৭৩৫ ও মালদ্বীপে ৪০ হাজার ১৫৯ জন গেছেন। ইউএই ১৩ হাজার ৭৫২, জর্ডান ১২ হাজার ৩০১ ও কম্বোডিয়ায় ১২ হাজার ২৬২ কর্মী গেছেন।
তথ্য বলছে, মধ্যপ্রাচ্যে বাংলাদেশের কর্মী গমনে একসময় দ্বিতীয় শীর্ষ শ্রমবাজার ছিল সংযুক্ত আরব আমিরাত (ইউএই)। এ বাজারেও দুই বছর ধরে কর্মী যাওয়া অনানুষ্ঠানিকভাবে বন্ধ রয়েছে। গণ-অভ্যুত্থানের সময়ে দেশটিতে শ্রমিকরা বিক্ষোভে অংশ নিলে কর্মী ভিসা ইস্যু বন্ধ হয়ে যায়। বিএমইটির তথ্য অনুযায়ী, গত এক যুগে ওমান, বাহরাইন, লিবিয়া, সুদান, মিসর ও রোমানিয়ায় বাংলাদেশী কর্মীদের জন্য শ্রমবাজার বন্ধ হয়ে গেছে।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৫ সালে বৈধ পথে আসা প্রবাসী আয়ের পরিমাণ প্রায় ৩৩ বিলিয়ন ডলার, যা দেশের ইতিহাসে এক বছরে সর্বোচ্চ। অর্থনৈতিক মন্দা ও বৈশ্বিক অনিশ্চয়তার প্রেক্ষাপটে প্রবাসী আয়ের এ প্রবৃদ্ধি রিজার্ভ ধরে রাখতে হলে বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশের শ্রমবাজার সংস্কার এবং টেকসই ও দক্ষতার ভিত্তিতে গড়ে তুলতে হবে বলে জানিয়েছেন খাতসংশ্লিষ্টরা।





