পুলিশের ওয়াকিটকি ও অস্ত্রসহ আটক ২
প্রকাশিত হয়েছে : ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ৯:১৮:০৪ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : সিলেট নগরীতে চেকপোস্টে তল্লাশি চালিয়ে একটি ওয়াকিটকি, চায়নিজ কুড়াল ও প্রাইভেট কারসহ দুইজনকে আটক করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশের বিমানবন্দর থানা পুলিশ। মঙ্গলবার দিবাগত রাতে বিমানবন্দর থানার অধীনস্থ বাইপাস রোড এলাকায় রাত্রিকালীন চেকপোস্ট পরিচালনার সময় তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন—কোম্পানীগঞ্জ উপজেলার তৈমুরনগর গ্রামের মৃত আব্দুল মালেকের পুত্র লিটন মিয়া (৩০) ও একই উপজেলার কালাবাড়ী গ্রামের শৈকুর রহমানের পুত্র জুনায়েদ আহমদ আকাশ (৩০)।
পুলিশ সূত্রে জানা যায়, চেকপোস্ট চলাকালে কোম্পানীগঞ্জ থেকে আসা একটি প্রাইভেট কারে সন্দেহজনক আচরণ লক্ষ্য করে পুলিশ তল্লাশি চালায়। এ সময় গাড়ি থেকে পুলিশের ব্যবহৃত একটি ওয়াকিটকি এবং একটি চায়নিজ কুড়াল উদ্ধার করা হয়। পরে গাড়িতে থাকা দুইজনকে জিজ্ঞাসাবাদ করলে তারা এসব সরঞ্জাম বহনের বিষয়ে কোনো সন্তোষজনক ব্যাখ্যা দিতে পারেননি। এ অবস্থায় তাদের থানা হেফাজতে নেওয়া হয়।
মঙ্গলবার এর সত্যতা নিশ্চিত করে এসএমপির বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মো. মোবাশ্বির আলী জানান, আটক ব্যক্তিদের কাছ থেকে উদ্ধারকৃত সরঞ্জাম ও প্রাইভেট কার জব্দ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত চেকপোস্ট ও তল্লাশি কার্যক্রম অব্যাহত রয়েছে।





