এসএমপির দুই উর্ধ্বতন পুলিশ কর্মকর্তার বদলি
প্রকাশিত হয়েছে : ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ৯:২১:০৬ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) দুই উপ-পুলিশ কমিশনারের বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ১১টায় এসএমপি হেডকোয়ার্টার্সের কনফারেন্স রুমে এই অনুষ্ঠান আয়োজন করা হয়।
বিদায় সংবর্ধনাপ্রাপ্ত দুই কর্মকর্তা হলেন উপ-পুলিশ কমিশনার (প্রসিকিউশন) আহমদ মাঈনুল হাসান এবং উপ-পুলিশ কমিশনার (ডিবি) মো. শাহরিয়ার আলম। বদলির কারণে তাদেরকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানানো হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিলেট মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী ।
তিনি দায়িত্ব পালনকালে দুই কর্মকর্তার পেশাদারিত্ব, নিষ্ঠা ও অবদানের প্রশংসা করেন এবং নতুন কর্মস্থলে তাদের সফলতা কামনা করেন।
এসময় অতিরিক্ত পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন) মোহাম্মদ এনামুল হক, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন) মাসুদ রানা, পিপিএম-সেবা, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক, অতিরিক্ত দায়িত্বে সদর ও প্রশাসন) সুদীপ্ত রায়, উপ-পুলিশ কমিশনার (উত্তর) মোহাম্মদ সাইফুল ইসলাম, উপ-পুলিশ কমিশনার (সিটিএসবি) আফজাল হোসেনসহ এসএমপির বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।





