সিসিকের ময়লার গাড়ির ধাক্কায় ভেঙ্গে গেল সুরমাপারের রেলিং
প্রকাশিত হয়েছে : ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ৯:৩১:৫১ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : সিলেট সিটি কর্পোরেশনের ময়লার গাড়ির ধাক্কায় ভেঙে গেছে সুরমাপারের পিলার ও রেলিং। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বিকাল ৩টার দিকে কিনব্রিজের উত্তরপ্রান্তে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সিলেট সিটি কর্পোরেশনের পরিবহন শাখার একটি ময়লার গাড়ি কিনব্রিজের উত্তরপ্রান্তে পার্কিংয়ের সময় নিয়ন্ত্রণ হারিয়ে সৌন্দর্যবর্ধনের জন্য স্থাপিত পিলার ও লোহার রেলিং পাইপে আঘাত করে। এতে পিলারের একটি অংশ ভেঙে গেছে এবং রেলিংয়ের পাইপও বেঁকে গেছে।
সিলেট মহানগরীর কিনব্রিজের উত্তরপ্রান্তে বেশ কয়েক বছর আগে সৌন্দর্য বর্ধন করা হয়। স্থাপন করা হয় রেলিং। নগরবাসীর অবসর কাটানোর জন্য সুরমাপারের এই জায়গাটি বেশ উপযুক্ত। প্রতিদিন বিকাল থেকে গভীর রাত পর্যন্ত এখানে বসে অবসর সময়টা উপভোগ করেন প্রায় সব বয়সের নারী-পুরুষ। সম্প্রতি ব্রিজের নিচের অংশে সিলেট সিটি করপোরেশনের পরিবহন শাখার গাড়ি রাখা শুরু হয়। এতে এই এলাকার পরিবেশের ওপর নেতিবাচক প্রভাব পড়ছে। বিষয়টি অনেকেই দৃষ্টিকটু বলে মনে করছেন। এতে সরকারি সম্পদেরও ক্ষতি হচ্ছে।
এ বিষয়ে জানতে সিটি করপোরেশনের পরিবহন শাখার প্রকৌশলী মোহাম্মদ উল্লাহর মুঠোফোনে একাধিকবার কল দেওয়া হলেও ফোনটি বন্ধ পাওয়া যায়।





