রাজনগরে ক্রিকেট খেলা নিয়ে যুবক খুন
প্রকাশিত হয়েছে : ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ৭:৪০:৫৪ অপরাহ্ন
রাজনগর প্রতিনিধি: মৌলভীবাজারের রাজনগরে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে তারেক মিয়া (২০) নামে এক যুবক খুন হয়েছেন। নিহত তারেক উপজেলার সদর ইউনিয়নের ঘড়গাঁও গ্রামের গাজী মিয়ার ছেলে। বুধবার বিকাল সাড়ে ৫টায় ক্রিকেট খেলায় একটি নো বলকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ব্যাপারে রাজনগর থানায় মামলার প্রস্তুতি চলছে।
রাজনগর থানা পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, বুধবার বিকাল সাড়ে ৫টায় রাজনগর সদর ইউনিয়নের ঘড়গাঁও গ্রামের বালিদীঘির দক্ষিণের মাঠে গাজী মিয়ার ছেলে তারেক মিয়া (২০) এবং একই পাড়ার মৃত শফিক মিয়ার ছেলে আতিক মিয়া (২১) সহ কয়েকজন যুবক ক্রিকেট খেলছিল। খেলার সময় একটি নো বলকে কেন্দ্র করে তারেক মিয়া ও আতিক মিয়ার মধ্যে বাক-বিতণ্ডা শুরু হয়। বাক-বিতণ্ডার এক পর্যায়ে আতিক মিয়ার সাথে থাকা ধারালো ছুরি দিয়ে তারেকের বুক, হাত এবং উরুতে উপর্যুপরি ছুরিকাঘাত করে। এতে সে গুরুতর আহত হলে প্রথমে রাজনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে আশংকাজনক অবস্থায় মৌলভীবাজার ২৫০ শয্যার হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনার খবর পেয়ে মৌলভীবাজর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. খয়ের ও রাজনগর থানার ওসি (তদন্ত) সুমন চন্দ্র সরকার ঘটনাস্থল পরিদর্শন করেন।
এদিকে, মৌলভীবাজার ২৫০ শয্যার হাসপাতালে লাশের ময়না তদন্ত শেষে পরদিন সকালে নিহতের স্বজনদের নিকট লাশ হস্তান্তর করা হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহতের বোন সোমা বেগম বাদী হয়ে রাজনগর থানায় হত্যা মামলার প্রস্তুতি নিচ্ছেন বলে জানা যায়।
এ ব্যাপারে রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) সুমন চন্দ্র সরকার বিষয়টি নিশ্চিত করে বলেন, ক্রিকেট খেলায় যুবককে ছুরিকাঘাতের খবর পেয়ে তৎক্ষনাৎ পুলিশ ঘটনাস্থলে গিয়েছে এবং লাশের ময়না তদন্তের জন্য মৌলভীবাজার ২৫০ শয্যার হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে মামলা পরবর্তীতে যথাযত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।





