যমুনা ছাড়লেন ড. মুহাম্মদ ইউনূস
প্রকাশিত হয়েছে : ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ৯:১৯:০৪ অপরাহ্ন
জালালাবাদ ডেস্ক: ‘রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা’ ত্যাগ করেছেন সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তিনি শনিবার বিকাল সাড়ে ৩টার দিকে যমুনা ছেড়ে রাজধানীর গুলশানে তার নিজ বাসভবনের উদ্দেশে রওনা হন। গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী খালেকুজ্জামান চৌধুরী একটি গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, ড. ইউনূসের প্রস্থানের পর এখন ভবনটির প্রয়োজনীয় সংস্কার ও রক্ষণাবেক্ষণ কাজ শুরু করবে গণপূর্ত অধিদপ্তর। এ সংস্কার কাজ শেষে যমুনাকে নবনিযুক্ত প্রধানমন্ত্রী তারেক রহমানের ব্যবহারের জন্য প্রস্তুত করা হবে।
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এবং গণপূর্ত অধিদপ্তর জানিয়েছে, চলতি মাসের মধ্যেই ভবনের অভ্যন্তরীণ সাজসজ্জাসহ সংশ্লিষ্ট সব কারিগরি ও রক্ষণাবেক্ষণ কাজ সম্পন্ন করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। সংস্কারের পর ভবনটি প্রধানমন্ত্রীর ব্যবহারের জন্য সম্পূর্ণ প্রস্তুত রাখা হবে। তবে প্রধানমন্ত্রী তারেক রহমান এ মুহূর্তে যমুনায় উঠবেন কিনা, সে বিষয়ে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত জানা যায়নি। বর্তমানে তিনি রাজধানীর গুলশানে তার নিজস্ব বাসভবনেই অবস্থান করছেন।
প্রধানমন্ত্রীর প্রতিনিধি দলের সাক্ষাৎ: এরআগে সদ্য বিদায়ী প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের একটি প্রতিনিধি দল। তিন সদস্যের এ প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. একেএম শামছুল ইসলাম। বিকাল ৩টায় রাজধানীর মিন্টো রোডের বাসভবন ‘যমুনা’ থেকে সাবেক প্রধান উপদেষ্টার বিদায়কালে তার সঙ্গে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার ও প্রধানমন্ত্রীর সামরিক সচিব মেজর জেনারেল আবুল হাসনাত মোহাম্মদ তারিক।





