ইমাম সমিতির সেমিনার: সর্বোচ্চ ফিতরা ২৯৭০ এবং সর্বনিম্ন ১১০ টাকা
প্রকাশিত হয়েছে : ০১ মার্চ ২০২৬, ৭:২৪:২৩ অপরাহ্ন
প্রতিবারের ন্যায় এবারও সিলেট নগরী ও পার্শ্ববর্তী এলাকার জন্য বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি সিলেট মহানগর শাখার ‘দারিদ্র বিমোচনে যাকাত-ফিৎরার ভূমিকা ও স্থানীয়ভাবে ফিতরার পরিমাণ নির্ধারণ’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সেমিনারে স্থানীয়ভাবে ফিৎরার পরিমাণ নির্ধারণ করা হয়েছে।
রোববার বাদ যোহর সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত সেমিনারে সর্বোচ্চ ফিতরা ২৯৭০ এবং সর্বনিম্ন ১১০ টাকা নির্ধারণ করা হয়েছে। সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি সিলেট মহানগরীর সভাপতি মাওলানা হাবীব আহমদ শিহাব।
মহানগর সহ সভাপতি শাহ আশরাফ আলী মিয়াজানীর সভাপতিত্বে সেমিনারে নগরীর বিভিন্ন মসজিদের ইমাম ও ব্যবসায়ী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মহানগর সাংগঠনিক সম্পাদক মাসুম আহমদ এর পরিচালনায় সেমিনারে বক্তারা বলেন, যাকাত ইসলামের মৌলিক বিধান। এ বিধানকে লংঘন করা মারাত্মক অপরাধ। দেশের অর্থনৈতিক চাকা সচল রাখতে যাকাতের ভূমিকা অপরিসীম। বিশ্বে অনেক দেশে যাকাতভিত্তিক ইসলামী অর্থনীতি পরিচালিত হয়ে অর্থনৈতিকভাবে বিশ্বের শীর্ষে অবস্থান করছে। বাংলাদেশের মত ক্ষুদ্র দেশে প্রতি বছর সঠিকভাবে যাকাত উত্তোলন করলে বছরে ১ লাখ ৫০ হাজার কোটি টাকা যাকাত উত্তোলন হবে। যা দেশের মূল বাজেটের বৃহৎ একটি অংশ। যাকাতের প্রাতিষ্ঠানিক ব্যবস্থাপনার মাধ্যমে অল্প দিনেই দেশকে দারিদ্রমুক্ত করা সম্ভব। বক্তাগণ আরো বলেন, নামাজ এবং যাকাত ইসলামী সরকারের প্রাতিষ্ঠানিক কার্যক্রম। বাংলাদেশে সরকার কর্তৃক নামাজের কোনো প্রাতিষ্ঠানিক রূপরেখা না থাকলেও সামাজিক বা মহল্লা কেন্দ্রিক মসজিদ পরিচালনা সুষ্ঠুভাবে হচ্ছে। তেমনিভাবে নামাজের মত যাকাতকেও মহল্লা/ এলাকা/ ইউনিয়ন কেন্দ্রিক যাকাত ফান্ডে যাকাত উত্তোলন করে তা সঠিক ভাবে বিতরণ ও কর্মসংস্থানের সুযোগ করে দিতে পারলে সমাজ থেকে বেকারত্ব দূর হবে। পাশাপাশি কর্মসংস্থান তৈরি হবে। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এগিয়ে আসার আহবান জানান।
বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি সিলেট মহানগর শাখার নেতৃবৃন্দ সিলেট নগরীর বিভিন্ন খুচরাবাজার যাচাই করে ৬৫ টাকা হিসাবে আটা ১৬৫০ গ্রামের মূল্য ১১০ টাকা, যব ৩ কেজি ৩০০ গ্রাম ১৮০ টাকা দরে ৫৯৪ টাকা, খেজুর (নিম্ন) ৩০০ টাকা দরে ৩৩০০ (এক সা’) গ্রামের মূল্য ৯৯০ টাকা, কিসমিস ৮০০ টাকা হিসাবে ২৬৪০ টাকা ও পনির ৯০০ টাকা বাজার দরে ২৯৭০ টাকা নির্ধারণ করে ফিৎরার পরিমাণ ঘোষণা করেন বোর্ডের সদস্য সচিব মাওলানা মুফতি ইলিয়াস আহমদ।
শুক্রবার জুমআ’র বয়ানে যাকাত-ফিৎরা বিষয়ে আলোচনা করার জন্য সিলেটের সকল ইমাম খতিবদের প্রতি আহবান জানান। বিজ্ঞপ্তি





