ছাতকে পানির জন্য হাহাকার
প্রকাশিত হয়েছে : ০১ মার্চ ২০২৬, ৮:০৯:০১ অপরাহ্ন

৮০ শতাংশ টিউবওয়েলে পানি উঠছেনা
আমিনুল ইসলাম হিরন, ছাতক : ছাতকে পানি নেই, নেই নলকূপের শব্দ, নেই খালের স্রোত, নেই নদীর গতি। চারদিকে শুধু শুকনো মাটি, পুড়ে যাওয়া জমি আর তৃষ্ণায় মানুষের হাহাকার। এমন পানিসংকট ছাতকের মানুষ কখনো দেখেনি। লাখো মানুষ আজ খাবার পানির সংকটে।
উপজেলার অধিকাংশ গ্রামের কোথাও পানি নেই। ১৩ টি ইউনিয়নের সকল গ্রামই বলতে গেলে পানিশূন্য। নলকূপ, পুকুর, খাল, হাওর, নদী সব উৎসই আজ শুকিয়ে ধুলো উড়ছে। বৃষ্টিহীন দীর্ঘ তাপদাহে মাটির নিচে পানির স্তর ২০০-৩০০ ফুট নিচে নেমে গেছে। ফলে উপজেলার ১৮ হাজার নলকূপের মধ্যে প্রায় ১২ হাজার নলকূপে পানি ওঠে না।
এ ছাড়া গ্রামে কিছু-কিছু গভীর নলকুপ থাকায় (যাঁতাকল) নলকুপগুলো পানি শুন্যতায় পড়েছে। সরকারি দপ্তরের হিসেবও এমনি। বর্ষায় এগুলো কাজ করে, হেমন্তে নেই। খাবার পানির জন্য এবাড়ি-সেবাড়ি ঘুরতে হচ্ছে মানুষকে। আর পানির অভাবে দূষিত পানি পান করে অনেকেই ডায়রিয়া, জ্বর ও চর্মরোগসহ নানা রোগে আক্রান্ত হচ্ছেন।
মৃতপ্রায় নদী, মরাখাল, পুকুর ভরাট জলাশয় ভরাট হয়েছে। কাজেই পর্যাপ্ত পানির কোন ব্যবস্থা নেই। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ গ্রামের খোলা প্রান্তরে বসানোর বদলে সরকারি ও ব্যক্তি মালিকানাধীন আঙিনায় গভীর নলকূপ বসানো হয়। যা একটি পরিবারের কাজে আসছে। অভাবী পরিবারগুলো সরকারি গভীর নলকুপ থেকে পানি সংগ্রহ করতে পারছেনা। যারা নিয়ন্ত্রণ করে তারা পানি দিতেও অনীহা প্রকাশ করছে। জাউয়াবাজার এলাকার মুলতানপুর গ্রামের ক্বারী মাওলানা জুনায়েদ আহমদ বলেন ১৫ বছর আগে যা ৫০০ ফুটে পানি দিত, এখন ৭০০ ফুটেও পানি আসে না। দিনে ১০-১২ বার চাপ দিলেও এক ফোঁটা পানি ওঠে না।




