ফেব্রুয়ারিতে রেমিট্যান্স বেড়েছে ১৯%
প্রকাশিত হয়েছে : ০১ মার্চ ২০২৬, ৮:৩৯:১২ অপরাহ্ন

জালালাবাদ ডেস্ক : চলতি বছরের ফেব্রুয়ারি মাসে ৩.০২ বিলিয়ন (৩০২ কোটি) মার্কিন ডলারের রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। যা আগের বছরের একই সময়ের তুলনায় ১৯.১৫ শতাংশ বেশি। ব্যাংকাররা জানিয়েছেন, সামনে পবিত্র রমজান মাস ও ঈদুল ফিতর থাকায় পরিবারের বাড়তি খরচ মেটাতে প্রবাসীরা গত মাসে দেশে ব্যাপক হারে অর্থ পাঠিয়েছেন।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের ফেব্রুয়ারি মাসে দেশে ২.৫২ বিলিয়ন ডলারের রেমিট্যান্স এসেছিল। সেই তুলনায় চলতি বছরের ফেব্রুয়ারিতে রেমিট্যান্স বেড়েছে ৪৯৩ মিলিয়ন ডলার। অন্যদিকে, চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম আট মাসে (জুলাই ২০২৫ থেকে ২৮ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত) দেশে মোট ২২.৪৫ বিলিয়ন ডলারের রেমিট্যান্স এসেছে। গত অর্থবছরের একই সময়ে যার পরিমাণ ছিল ১৮.৪৯ বিলিয়ন ডলার। অর্থাৎ, অর্থবছরের হিসেবে রেমিট্যান্স প্রবাহে ২১.৪ শতাংশ প্রবৃদ্ধি অর্জিত হয়েছে।




