গোয়াইঘাটে ভারতীয় চোরাই পণ্যসহ ২ জন আটক
প্রকাশিত হয়েছে : ০৪ মার্চ ২০২৬, ৭:৪৭:০০ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : গোয়াইনঘাট উপজেলায় বিপুল পরিমাণ ভারতীয় চোরাই ব্যাটারি ও প্রসাধনী সামগ্রী পণ্যসহ দুইজনকে আটক করেছে পুলিশ। গতকাল বুধবার (৪ মার্চ) ভোরে উপজেলার তিতারাই এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে বুধবার ভোরে উপজেলার তিতারাই এলাকায় অভিযান চালায় গোয়াইনঘাট থানা পুলিশ। এ সময় তিতারাই এলাকায় সন্দেহজনক একটি ডিআই পিকআপ (রেজিস্ট্রেশন নম্বর: ঢাকা-মেট্রো-ন-২১-৪৮০২) থামার সংকেত দেওয়া হলে চালকসহ দুইজন পালানোর চেষ্টা করেন। পরে পুলিশ তাদের আটক করলেও নাম পরিচয় প্রকাশ করেনি। গাড়িতে তল্লাশি চালিয়ে ১০ লাখ ২৪ হাজার পিস ভারতীয় ছোট ব্যাটারি এবং ২ হাজার ৩০৪ পিস পন্ডস ফেসওয়াস জব্দ করা হয়। জব্দকৃত পণ্যের আনুমানিক বাজারমূল্য ৬৬ লাখ ৪১ হাজার ৬০০ টাকা বলে জানিয়েছে পুলিশ।
গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান জানান, আটককৃতদের বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মাদক ও চোরাচালানবিরোধী পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।





