পূর্ণ সিলেবাসে হবে প্রাথমিকের বৃত্তি পরীক্ষা
প্রকাশিত হয়েছে : ০৪ মার্চ ২০২৬, ৭:৫০:৫২ অপরাহ্ন

জালালাবাদ ডেস্ক : আগামী এপ্রিল মাসে পূর্ণ সিলেবাসে অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রাথমিকের স্থগিত হওয়া গত বছরের বৃত্তি পরীক্ষা। আগামী ১৫ থেকে ১৮ এপ্রিলের মধ্যে চার দিনে এই পরীক্ষা আয়োজনের প্রস্তুতি চলছে। কোনো সংক্ষিপ্ত সিলেবাস নয়, বরং পঞ্চম শ্রেণির পূর্ণ সিলেবাসে গত বছরের বই থেকেই পাঁচ বিষয়ে মোট ৪০০ নম্বরের পরীক্ষায় অংশ নেবে শিক্ষার্থীরা।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এবারই প্রথম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশাপাশি বেসরকারি ও কিন্ডারগার্টেন শিক্ষার্থীরাও একই প্রশ্নপত্রে পরীক্ষায় অংশ নেবে। তবে ফল প্রকাশ ও বৃত্তি বণ্টনের ক্ষেত্রে নির্ধারিত কোটা ও পৃথক প্রতিযোগিতার ব্যবস্থা থাকবে। সংশ্লিষ্টদের মতে, সরকারি ও বেসরকারি শিক্ষার মান যাচাই এবং শিক্ষার্থীদের মধ্যে সুস্থ প্রতিযোগিতার পরিবেশ ফিরিয়ে আনতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
এদিকে খোঁজ নিয়ে জানা গেছে, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই) এরই মধ্যে পরীক্ষার নতুন খসড়া কাঠামো প্রস্তুত করেছে। এইচএসসি পরীক্ষা শুরুর আগেই এই পরীক্ষা শেষ করার পরিকল্পনা রয়েছে। আন্তঃমন্ত্রণালয় বৈঠকের পর আজ বৃহস্পতিবার (৫ মার্চ) এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং অধিদপ্তর সূত্রে জানা গেছে, হাইকোর্টের রায়ে সরকারি বিদ্যালয়ের পাশাপাশি বেসরকারি, রেজিস্টার্ড কিন্ডারগার্টেন ও অন্যান্য অনুমোদিত প্রতিষ্ঠানের শিক্ষার্থীদেরও অংশগ্রহণের সুযোগ দেওয়ার নির্দেশনার পর পরীক্ষার কাঠামো পুনর্বিন্যাস করতে হচ্ছে। এ বছর সর্বমোট ৮২ হাজার ৫০০ শিক্ষার্থীকে বৃত্তি দেওয়া হবে, যার মধ্যে ৩৩ হাজার ট্যালেন্টপুল এবং ৪৯ হাজার ৫০০ জন সাধারণ বৃত্তি পাবে।
বিষয়টি নিয়ে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) আবু নূর মো. শামসুজ্জামান বলেন, সময় অত্যন্ত সীমিত। এইচএসসি পরীক্ষা শুরুর আগেই কেন্দ্রসংকট এড়াতে পরীক্ষা নেওয়া প্রয়োজন। যেহেতু এটি মেধা যাচাইয়ের পরীক্ষা, তাই নম্বর বা বিষয় কমানোর সুযোগ নেই। আমরা পূর্ণ সিলেবাসেই পরীক্ষার সুপারিশ করেছি।




