আমাদের আরেকটি লড়াইয়ের প্রস্তুতি নিতে হবে : সিলেটে বিরোধী দলীয় চীফ হুইপ
প্রকাশিত হয়েছে : ০৪ মার্চ ২০২৬, ৯:১৩:৩৫ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : এনসিপির আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ মোঃ নাহিদ ইসলাম বলেছেন, গণতন্ত্র থেকে দেশ আবারো এক দলীয় স্বৈরতন্ত্রের দিকে যাবে কিনা সে প্রশ্ন তৈরি হয়েছে। প্রশাসন ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে দলীয়করণ করা হচ্ছে। তিনি গতকাল বুধবার সিলেট নগরীর একটি কনভেনশন সেন্টারে জাতীয় নাগরিক-পার্টি এনসিপির সিলেট বিভাগীয় ইফতার ও দোয়া মাহফিল প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
বাংলাদেশ ব্যাংকে স্বেচ্ছাচারী নিয়োগ, দুদক ও বাসসের কথা উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, আমাদের আরেকটি লড়াইয়ের প্রস্তুতি নিতে হবে। তবে এবার আমরা ভুল করতে চাই না। আমরা পূর্ণাঙ্গ প্রস্তুতি নিয়ে মাঠে নামবো। আমরা একটা গণঅভ্যুত্থান করেছি, গণঅভ্যুত্থানের পরবর্তী করণীয় ঠিক করতে আমরা অনেক ভুল করেছি। সেজন্য আজ দেশের এই বেহাল দশা তৈরি হয়েছে।
বিশেষ অতিথির বক্তব্যে এনসিপির মূখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারী বলেন, হাদী হত্যার বিচার নিয়ে একচুল পরিমাণ পিছপা হবো না। যত বড় হেডামওয়ালা হোক না কেন, তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসা হবে। প্রশাসনে দলীয় লোক নিয়োগের কড়া সমালোচনা করে পাটোয়ারী বলেন, চাঁদাবাজি, সন্ত্রাসী, দুর্নীতি ও প্রশাসনে দলীয়করণ বন্ধ করুন।
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, সিলেটে আসার পথে বিভিন্ন সড়কের অবস্থা দেখে বিস্মিত হয়েছি। অনেক জায়গায় সড়ক এতটাই খারাপ যে সাধারণ মানুষের চলাচল কঠিন হয়ে পড়েছে। স্থানীয় সাংবাদিকদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, গণমাধ্যমের মাধ্যমে যেন এসব সড়কের বাস্তব চিত্র তুলে ধরা হয়।
এনসিপির এই নেতা বলেন, যাদের সামর্থ্য আছে তারা সহজেই বিমানযোগে বা অন্যভাবে ঢাকায় যেতে পারেন। কিন্তু শ্রমজীবী ও সাধারণ মানুষকে প্রতিদিন এসব খারাপ সড়ক দিয়েই চলাচল করতে হয়। যা তাদের জন্য বড় ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। সিলেট সম্প্রীতির শহর জানিয়ে নাসিরুদ্দিন পাটোয়ারী বলেন, সকলের মধ্যে রাজনৈতিক ও সামাজিক সুসম্পর্ক আছে। প্রাণ-প্রকৃতি সবাই মিলে ধ্বংসও করে।
বিশেষ অতিথির বক্তব্যে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম সদ্য নিয়োগপ্রাপ্ত ডিজিএফআইয়ের প্রধানের ভারত সফরকে নিয়ে সমালোচনা করে বলেন, সরকারের কিছু ভূমিকা প্রশংসনীয় হলেও দলীয়করণ এবং দুর্নীতির সুযোগ আগামীতে দেওয়া হবে। নির্বাচনের ফল মেনে নিয়ে গণতান্ত্রিক উত্তরণের দিকে দেশ এগিয়ে যাচ্ছে জানিয়ে তিনি বলেন, আগামী স্থানীয় নির্বাচনে ইঞ্জিনিয়ারিং বা কেন্দ্র দখলের চেষ্টা করলে তা প্রতিহত করা হবে। ফ্যাসিবাদের প্রমাণিত দোসর ও জুলাইয়ের বিরোধীদের প্রশ্রয় দিলে ফাঁদে পড়বেন বলেও সরকারের প্রতি হুশিয়ারি উচ্চারণ করেন সারজিস। এতে এনসিপির নেতারা জুলাই সনদ অধ্যাদেশ কার্যকর ও রাষ্ট্রপতিকে অভিসংশন না করলে রাজপথে আন্দোলনের হুশিয়ারি দেন।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জাতীয় যুবশক্তির আহ্বায়ক এডভোকেট তরিকুল ইসলাম ও ছাত্রশক্তির সদস্য সচিব আবু বাকের মজুমদার প্রমুখ। অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি, বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় জোটের সিলেট বিভাগীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।




