নগরে সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্য নিহত
প্রকাশিত হয়েছে : ০৬ মার্চ ২০২৬, ৯:৪৮:৪৯ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : সিলেট নগরীর শাহজালাল ব্রিজে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৫ মার্চ) রাতে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসিসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এরআগে বৃহস্পতিবার (৫ মার্চ) বিকালে কাজ থেকে ফেরার পথে তিনি সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন।
নিহতের নাম সমর নাথ (২৩)। তিনি জৈন্তাপুর উপজেলার ভিত্রিকেল গ্রামের বীরেন্দ্র নাথের ছেলে ও দক্ষিণ সুরমার লালাবাজারের আরআরএফ পুলিশ লাইনে কর্মরত ছিলেন।
শুক্রবার (৬ মার্চ) দুপুরে ময়নাতদন্ত শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির সূত্র নিশ্চিত করেছে।
এর সত্যতা নিশ্চিত করে এসএমপির কোতোয়ালী থানার ওসি খান মো. মাইনুল জাকির বলেন, মোটরসাইকেল যোগে সিলেট শহরে আসার পথে ব্রিজের মধ্যখানে সে দুর্ঘটনার শিকার হয়। কে কিভাবে তাকে ধাক্কা দিয়েছে সেই তথ্য নিশ্চিত হওয়া যায়নি। পোষ্টমর্টেম শেষে মরদেহ পরিবারের কাছে হস্থান্তর করা হয়েছে। এ বিষয়ে আইনী পদক্ষেপ গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধিন।





