এবার সাগরদিঘীরপাড়ে প্রকাশ্যে ছিনতাই
প্রকাশিত হয়েছে : ০৬ মার্চ ২০২৬, ৯:৫৭:৪৬ অপরাহ্ন
হাউজিং এস্টেটের ছিনতাইকারীরা অধরা!

স্টাফ রিপোর্টার : সিলেট নগরীর হাউজিং এস্টেট এলাকায় প্রকাশ্যে নারীর টাকা ছিনতাই ঘটনার রেশ না কাটতেই এবার সাগরদিঘীরপাড় এলাকায় একই কায়দায় কলেজ ছাত্রীর সাথে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এই ছিনতাইয়ের ঘটনারও সিসিটিভি ফুটেজ ছড়িয়ে পড়েছে।
এই ছিনতাইয়ের ঘটনা বৃহস্পতিবার ঘটে বলে জানা গেছে। তবে ছিনতাইয়ের সিসিটিভি ফুটেজ শুক্রবার অনলাইনে ছড়িয়ে পড়ে। দুটি ছিনতাইয়ের ঘটনায়ই এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
সাগরদিঘিরপাড়ের ছিনতাইয়ের ঘটনার ছড়িয়ে পড়া ফুটেজে দেখা যায়, সড়ক দিয়ে হেঁটে যাওয়া এক নারীকে পালসার মোটরসাইকেল করে আসা দুই যুবক ঘেরাও করে। যুবকদের হাতে ছিলো দেশীয় অস্ত্র। তারা ওই নারীর মোবাইল ফোন, ব্যাগ ও স্বর্ণালঙ্কার ছিনতাই করার চেষ্টা করে।
ফুটেজে আরও দেখা যায়, ওই নারী ব্যাগ-মোবাইল- অলংকার দিতে রাজী হচ্ছেন না। ছিনতাইকারীদের সাথে টানাটানি করছেন। এসময় ছিনতাইকারীরা নারীর হাতে অস্ত্র দিয়ে কয়েকবার আঘাতও করে। একপর্যায়ে মোবাইল ফোন, ব্যাগ ছিনিয়ে না নিলেও হাতঘড়ি নিয়ে দ্রুত বাইক নিয়ে চলে যায় ছিনতাইকারীরা।
ছিনতাইয়ের সত্যতা নিশ্চিত করে সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, বৃহস্পতিবার সকাল বেলা ঘটনা ঘটেছে। রাতে ফুটেজ দেখার পর ভোর রাত তিনটার দিকে কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ ও ওসি তদন্তকে ঘটনাস্থলে প্রেরণ করা হয়। আমরা ভুক্তভোগীর পরিচয় নিশ্চিত করে তার সাথে কথা বলার চেষ্টা করছি। ফুটেজ সংগ্রহ করে পুলিশের আইপি ক্যামেরায় দেখা হচ্ছে- কখন কারা ঘটিয়েছে এমন ঘটনা।
দিন দুপুরে এমন ঘটনায় নিরাপত্তা ব্যবস্থা প্রশ্নবিদ্ধ কি না জানতে চাইলে তিনি বলেন, এই ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তার করা হবে। এই ধরনের ঘটনা যাতে আর না ঘটে সে ব্যবস্থা নেওয়া হবে। পুলিশের টহল এবং নজরদারি বৃদ্ধি করা হবে। তবে, এ ঘটনায় এখন পর্যন্ত ভুক্তভোগীর পক্ষ থেকে কোনো অভিযোগ পায়নি পুলিশ।
এর আগে গত ২৪ ফেব্রুয়ারী দুপুরে নগরের হাউজিং এস্টেট এলাকায় প্রকাশ্যে ছিনতাইয়ের ঘটনা ঘটে। ওই সিসিটিভি ফুটেজ অনলাইনে ছড়িয়ে পড়ে। তাতে দেখা যায়, হাউজিং এস্টেটের ভেতরের সড়ক দিয়ে একটি সিএনজি অটোরিকশা যাচ্ছিলো। তিনটি মোটর সাইকেলে ৬ জন লোক ওই অটোরিকশার গতিরোধ করে। এরপর একজন মোটরসাইকেল থেকে নেমে অটিরিকশার ভেতরে থাকা ব্যাগ ধরে টানাটানি করে। কিছুক্ষণ টানাহ্যাঁচড়ার পর ব্যাগটি নিজের আয়ত্তে নিয়ে মোটর সাইকেল আরোহীরা চলে যায়। এসময় অটোরিকশা থেকে নেমে এক নারীকে চিৎকার করতে দেখা যায়।
পুলিশ সূত্রে জানা গেছে, হাউজিং এস্টেট এলাকার বাসিন্দা ওই নারী ব্যাংক থেকে টাকা নিয়ে বাসায় ফিরছিলেন। ছিনতাইকারীরা ব্যাগে থাকা তার টাকা ও চেক বইয়ের কয়েকটি পাতা ছিনিয়ে নেয়। ৮ দিনের ব্যবধানে ২য় দফা প্রকাশ্যে ছিনতাইয়ের ঘটনায় নিরাপত্তা নিয়ে শঙ্কিত নগরবাসী।
হাউজিং এস্টেটের ঘটনার ব্যাপারে সর্ম্প্রতি মহানগর পুলিশ কমিশনার আবদুল কুদ্দুস চৌধুরী জানান, ছিনতাইকারীদের চিহ্নিত করা হয়েছে। তবে তারা নগরের বাইরে অবস্থান করছে। তাদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।





