ওসমানীনগরে রাস্তা নিয়ে সালিশ বৈঠকে ছুরিকাঘাতে যুবক নিহত
প্রকাশিত হয়েছে : ০৭ মার্চ ২০২৬, ৮:২৭:৩৬ অপরাহ্ন
মো. মুহিব হাসান, ওসমানীনগর: ওসমানীনগরে রাস্তা ব্যবহার নিয়ে রাতে সালিশ বৈঠকে দুই পক্ষের সংঘর্ষে ছুরিকাঘাতে সামাদ আহমদ (২২) নামের এক যুবক নিহত হয়েছেন। তিনি উপজেলার উছমানপুর ইউনিয়নের কিত্তে কমরপুর প্রকাশ সিকন্দরপুর গ্রামের আব্দুল খালিকের ছেলে। শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে কিত্তে কমরপুর গ্রামের মাশুক মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে। ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ ৬ জনকে আটক করেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোন মামলা হয়নি তবে পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
জানা যায়, একই গ্রামের রহিম উল্লাহর ছেলে আব্দুস সত্তার এবং আব্দুল জব্বার গং এর সাথে একটি রাস্তা ব্যবহার নিয়ে বৃহস্পতিবার সামাদ আহমদ এর পরিবারের লোকজনের কথা কাটাকাটি হয়। বিষয়টি নিস্পত্তি করতে পরদিন শুক্রবার তারাবিহ নামাজ শেষে মাশুক মিয়ার বাড়িতে এক সালিশ বৈঠক বসে। রাত সাড়ে ১০টার দিকে বৈঠকে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়লে ছুরিকাঘাতে সামাদ আহমদ আহত হন। এরপর তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে ওসমানীনগর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ৬ জনকে আটক করে এবং নিহতের লাশ ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।
নিহতের চাচাতো ভাই সাজ্জাদ মিয়া বলেন, রাস্তা নিয়ে সালিশ বৈঠকে সত্তার ও জব্বারের পরিবারের সাথে সংঘর্ষ হলে আমার চাচাতো ভাই নিহত হয়েছেন। আমরা এর বিচার চাই।
স্থানীয় ইউপি সদস্য সাকির আহমদ বলেন, সালিশ বৈঠকে মারামারি হলে সামাদ মারা গেছেন, আমি এ বৈঠকে ছিলাম না।
ওসমানীনগর থানার ওসি মো: মুরমেদুল আলম ভূইয়া বলেন, রাস্তা নিয়ে সংঘর্ষে যুবক নিহত হলে পুলিশ ৬ জনকে আটক করেছে। নিহতের পরিবারের পক্ষ থেকে মামলার প্রক্রিয়া চলছে।





