একদিনে নগরে ৮ ছিনতাইকারীসহ আটক ৭০
প্রকাশিত হয়েছে : ০৭ মার্চ ২০২৬, ৯:০৭:৩১ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : নগর জুড়ে প্রকাশ্যে ছিনতাইয়ের ঘটনায় নড়ে চড়ে বসেছে পুলিশ। একদিনে নগর এলাকা থেকে সিলেট মেট্রোপলিটন পুলিশের পৃথক অভিযানে ৭০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে ছিনতাইকারী, ওয়ারেন্টভুক্ত আসামি, মাদককারবারী, মাদকসেবী, সন্দেহজনক ও চোরাচালানকারী রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
শনিবার বিকেলে এর সত্যতা নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া কর্মকর্তা অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম। তিনি জানান, গত ২৪ ঘন্টায় এসএমপির বিভিন্ন থানা ও গোয়েন্দা বিভাগ (ডিবি) সমন্বয়ে পরিচালিত পৃথক ও বিশেষ অভিযানে মোট ৭০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতদের মধ্যে ৮ জন ছিনতাইকারী, ২ জন ওয়ারেন্টভুক্ত আসামি, ১০ জন মাদক কারবারি, ৫ জন মাকদসেবী, ২৬ জন অবৈধ ভারতীয় মালামাল চোরাচালানে অভিযুক্ত রয়েছেন। এছাড়া নগরীর বিভিন্ন এলাকা হতে ১৯ জন সন্দেহজনক ব্যাক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
এসএমপি পুলিশ জানিয়েছে, অভিযানকালে ৩৯ লাখ ৩০ হাজার টাকার ভারতীয় অবৈধ মালামাল উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে আদালতে সোপর্দ করা হয়েছে। সিলেট নগরী থেকে ছিনতাইসহ সকল অপরাধ কর্ম দমনে পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে।





