১২ ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা
প্রকাশিত হয়েছে : ০৭ মার্চ ২০২৬, ৯:২৯:৫৮ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : সিলেট নগরীতে পণ্যের মূল রশিদ সংরক্ষণ না রাখার দায়ে ১২ ব্যবসায়ীকে ৫৪ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার (৭ মার্চ) সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত নগরীর সোবহানীঘাট এলাকায় অভিযান চালায় র্যাব-৯ ও জেলা প্রশাসনের যৌথ দল।
অভিযানে ক্রয়কৃত পণ্যের মূল রশিদ দোকান বা ব্যবসা প্রতিষ্ঠানে সংরক্ষণ না রাখার দায়ে ১২ জন ব্যবসায়ীকে জরিমানা করা হয়।
এর সত্যতা নিশ্চিত করেছেন- র্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে.এম শহিদুল ইসলাম সোহাগ।
জরিমানাকৃত ব্যক্তিরা হলেন—আব্দুল হান্নান (৪০), আকলিছ (৪০), আবির আহমেদ (২৭), জুনেদ মিয়া (২৬), কাদির (৩৫), জামিল আহমদ (৪১), রিপন দাস (৪০), আনোয়ার আলী (৩৩), লিলু মিয়া (৩৫), কামিল আহমেদ (২৭), রাজা মিয়া (৪৩) ও তানভীর আহমদ (২৬)।
অভিযানে এসব ব্যবসায়ীদের কাছ থেকে পৃথকভাবে ২ হাজার থেকে ৮ হাজার টাকা পর্যন্ত জরিমানা আদায় করা হয়।
র্যাব-৯ জানায়, কৃষি বিপণন আইন অনুযায়ী ক্রয়কৃত পণ্যের মূল রশিদ সংরক্ষণ করা বাধ্যতামূলক। আইন লঙ্ঘনের ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানকে কারাদণ্ড, অর্থদণ্ড বা উভয় দণ্ডের বিধান রয়েছে। দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও র্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে।





