শ্যালিকার অশ্লীল ছবি-ভিডিও ছড়িয়ে ব্ল্যাকমেইল : দুলাভাই গ্রেপ্তার
প্রকাশিত হয়েছে : ০৮ মার্চ ২০২৬, ১০:২৫:৪৩ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : সিলেটের মোগলাবাজারে শ্যালিকার অশ্লীল ছবি ও ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া ও ব্ল্যাকমেইলের অভিযোগে দুলা ভাইকে গ্রেফতার করেছে র্যাব-৯। শনিবার (৭ মার্চ) বিকেলে মোগলাবাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
আটককৃতের নাম রুকন মিয়া (৩৫)। সে মোগলাবাজার থানাধীন বীরমঙ্গল এলাকার লাল মিয়ার ছেলে।
র্যাব জানায়, ভুক্তভোগী নারী প্রায়ই তার বোনের বাড়িতে যাওয়া আসা করতেন। সেই সুযোগে তার বোনের স্বামী রুকন মিয়া ভুক্তভোগীর অজান্তে কিছু অশ্লীল ছবি ও ভিডিও নিজের মোবাইলে ধারণ করে রাখেন। পরে সেসব ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ভুক্তভোগীর সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করেন। পরবর্তীতে ভুক্তভোগী তার বোনকে বিষয়টি জানালে ক্ষিপ্ত হয়ে রুকন মিয়া গত বছরের ১৭ জুন মৌখিকভাবে তার স্ত্রীকে তালাক দেন। এরপরও তিনি ভুক্তভোগীকে শারীরিক সম্পর্ক বজায় রাখতে চাপ দিতে থাকেন এবং তা না মানলে ছবি ও ভিডিও প্রকাশের হুমকি দেন।
র্যাবের তথ্য অনুযায়ী, রুকন মিয়া ভুক্তভোগীর কাছে ১০ লাখ টাকা চাঁদাও দাবি করেন। ভুক্তভোগী টাকা দিতে অস্বীকার করলে তিনি ভুয়া ফেসবুক আইডি ব্যবহার করে অশ্লীল ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেন। এঘটনায় ভুক্তভোগী নারী সিলেট মহানগর পুলিশের মোগলাবাজার থানায় পর্নোগ্রাফি আইনে মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর রুকন মিয়া আত্মগোপনে চলে যান। পরে র্যাব বিশেষ অভিযানে তাকে আটক করতে সক্ষম হয়।
এর সত্যতা নিশ্চিত করে র্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে.এম শহিদুল ইসলাম সোহাগ জানান, গোপন তথ্যের ভিত্তিতে শনিবারে বিশেষ অভিযানে রুকন মিয়াকে গ্রেপ্তার করে মোগলাবাজার থানায় হস্থান্তর করা হয়। রোববার (৮ মার্চ) সকালে তাকে মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।





