নগরে পুলিশী অ্যাকশন অব্যাহত : ৩২ ঘণ্টায় আটক বেড়ে ১৪০
প্রকাশিত হয়েছে : ০৮ মার্চ ২০২৬, ১০:৩১:৫১ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : সিলেট নগরীতে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। গত ৩২ ঘন্টায় পৃথক ও বিশেষ অভিযানে নগরী থেকে ছিনতাইকারীসহ ১৪০ জন গ্রেফতার করেছে সিলেট মহানগর ও গোয়েন্দা পুলিশ। আটককৃতদের মধ্যে ছিনতাইকারী, ওয়ারেন্টভুক্ত আসামি, মাদক কারবারী, মাদকসেবী, জুয়াড়ি, সন্দেহভাজন ব্যক্তি ও চোরাচালানকারী রয়েছেন।
এসএমপি সূত্রে জানা গেছে, গত ১৮ৃ ঘন্টায় নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আরো ৫ জন ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ৮ জন আসামিকেও গ্রেফতার করা হয়। মাদকবিরোধী অভিযানে ইয়াবা, গাঁজা ও চোলাই মদসহ ১১ জনকে গ্রেফতার করা হয়েছে। একইসঙ্গে কোতোয়ালি থানা ও শাহপরান (র.) থানা এলাকায় অভিযান চালিয়ে ৬ জন মাদকসেবীকে আটক করা হয়। অন্যদিকে জালালাবাদ থানা এলাকা থেকে ৪ জন জুয়াড়িকে গ্রেফতার করেছে পুলিশ। এছাড়া নিয়মিত মামলায় এজাহারভুক্ত ৩২ জন আসামি ও সন্দেহভাজন ৬ জনকে গ্রেফতার করা হয়েছে। মহানগরীর বিভিন্ন এলাকা থেকে আরও ২২ জন সন্দেহজনক ব্যক্তিকে আটক করা হয়।
পুলিশ জানায়, মেট্রোপলিটন অধ্যাদেশ মোতাবেক বিভিন্ন এলাকা থেকে ৩৬ জনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া চুরির সন্দেহে ৫ জন এবং ৫ জন হকারকেও আটক করা হয়েছে।
এর আগে ২৪ ঘন্টায় আটক করা হয়েছিল ৭০ জনকে। পরবর্তী ১৮ ঘন্টায় আরো ৭০ জন আটক হওয়ায় মোট আটককৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৪০ জনে।
রোববার এর সত্যতা নিশ্চিত করে সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া কর্মকর্তা অতিরিক্ত উপ কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, মহানগরীতে আইন-শৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে আটককৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।





