সাইফুর রহমানের কবর জিয়ারতে প্রবাসী কল্যাণ মন্ত্রী
প্রকাশিত হয়েছে : ০৯ মার্চ ২০২৬, ৭:০৯:১৫ অপরাহ্ন
মৌলভীবাজার প্রতিনিধি: সংঘাতপূর্ণ এলাকায় অবস্থানরত বাংলাদেশি প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার সার্বক্ষণিক যোগাযোগ রাখছে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। তিনি বলেন, পরিস্থিতি আরও খারাপ হলে প্রবাসী বাংলাদেশিদের নিরাপদে দেশে ফিরিয়ে আনার জন্য সরকার প্রস্তুতি নিয়ে রেখেছে।
রোববার সন্ধ্যায় মৌলভীবাজার সদর উপজেলার বাহারমর্দনে সাবেক অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম সাইফুর রহমানের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
এর আগে বেলা তিনটায় মন্ত্রী সিলেট থেকে মৌলভীবাজার জেলা সার্কিট হাউসে পৌঁছান। সেখানে মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য নাসের রহমান, জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল, পুলিশ সুপার মোহাম্মদ বিল্লাল হোসেনসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা তাঁকে ফুল দিয়ে বরণ করেন। পরে সার্কিট হাউসে গার্ড অব অনার শেষে প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে সংক্ষিপ্ত মতবিনিময় করেন মন্ত্রী। পরে বিকেল চারটার দিকে মৌলভীবাজার সদর উপজেলার বাহারমর্দনে সাবেক অর্থ ও পরিকল্পনামন্ত্রী এম সাইফুর রহমান’র কবর জিয়ারত করেন মন্ত্রী এবং মোনাজাতে অংশ নেন।
এ সময় উপস্থিত ছিলেন মরহুম মন্ত্রীর জ্যেষ্ঠপুত্র ও মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নাসের রহমান, জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল, পুলিশ সুপার মোহাম্মদ বিল্লাল হোসেনসহ জেলা প্রশাসন ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এছাড়া জেলা বিএনপির সাবেক সহসভাপতি আব্দুল মুকিত, মৌলভী আব্দুল ওয়ালী সিদ্দিকী, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য বকসী মিছবাহ উর রহমান, মো. ফখরুল ইসলাম, মো. হেলু মিয়া, সদর উপজেলা বিএনপির সভাপতি মুজিবুর রহমান মজনু, স্বাগত কিশোর দাশ চৌধুরী, শ্যামলী সূত্র ধর, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মারুফ আহমেদ, জেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক মো. ইদ্রিস আলীসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
কবর জিয়ারত শেষে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মন্ত্রী। মন্ত্রী বলেন, বর্তমানে বিমান চলাচলের রুট বন্ধ থাকায় তাৎক্ষণিকভাবে কাউকে দেশে আনা সম্ভব হচ্ছে না। পরিস্থিতি স্বাভাবিক হলে কিংবা যুদ্ধ দীর্ঘায়িত হলে তখন পরিস্থিতি অনুযায়ী প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে। ঈদের আগে শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধের বিষয়ে মন্ত্রী বলেন, এ বিষয়ে তদারকির জন্য যুগ্ম সচিবদের নেতৃত্বে ছয়টি টিম গঠন করা হয়েছে। এসব টিম বিভিন্ন শিল্পাঞ্চলে গিয়ে মালিকদের সঙ্গে বৈঠক করে শ্রমিকদের বেতন, বোনাসসহ প্রাপ্য সবকিছু নিশ্চিত করবে।





