খণ্ডিতভাবে ডেপুটি স্পিকার নয়, আমরা চাই ‘প্যাকেজ’: জামায়াত আমীর
প্রকাশিত হয়েছে : ১১ মার্চ ২০২৬, ৯:৩৫:১৮ অপরাহ্ন
জালালাবাদ ডেস্ক : বিএনপির প্রস্তাবে সাড়া দিয়ে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার পদ নেবে কি না, বিষয়টি এখনো স্পষ্ট করেনি জামায়াতে ইসলামী।
আজ ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন সামনে রেখে বুধবার জামায়াতসহ বিরোধী দলের সংসদ সদস্যদের বৈঠক হয়। বৈঠকের পর ডেপুটি স্পিকার পদের বিষয়ে জানতে চাইলে জামায়াতের আমীর ও বিরোধীদলীয় নেতা ডা: শফিকুর রহমান সাংবাদিকদের বলেন, জুলাই সনদেই আছে যে একজন ডেপুটি স্পিকার বিরোধী দল থেকে হবেন। আমরা খণ্ডিতভাবে এটা চাচ্ছি না, আমরা চাই প্যাকেজ, আমরা চাই পিস মিল; পুরোটাই সেখানে গ্রহণ ও বাস্তবায়ন হোক এবং এর ভিত্তিতে আমরা যেন আমাদের ন্যায্য দায়িত্ব পালন করতে পারি।
প্রশ্নের জবাবে জামায়াতের আমীর বলেন, ‘সরকার আমাদের সঙ্গে যোগাযোগ করেছে, কথা বলেছে। আমরা তাদের ধন্যবাদ জানাই। আমরা চাই, জুলাই সনদের সংস্কারের প্রস্তাবগুলো পুরোপুরি বাস্তবায়ন হোক। এর আলোকে বিরোধী দলের যতটুকু পাওনা, আমরা ততটুকু চাই, এর বেশি চাই না।’
বিরোধী দলের সংসদ সদস্যরা সংবিধান সংস্কার পরিষদ ও সংসদ সদস্য-দুটি শপথই নিয়েছে উল্লেখ করে ডা: শফিকুর রহমান বলেন, ‘দুঃখের বিষয় এখন পর্যন্ত সরকারি দল প্রথম শপথটি নেয়নি।’
ক্ষমতাসীনদের প্রতি আহ্বান জানিয়ে জামায়াত আমীর বলেন, আসুন জুলাইকে সম্মান করি। চব্বিশ থাকলেই ছাব্বিশ হবে, নইলে ছাব্বিশের অস্তিত্ব থাকে না। চব্বিশকে অমান্য বা অগ্রাহ্য করে পাশ কাটিয়ে ছাব্বিশ জাতির জন্য কোনো সুখবর নয়। আমরা আশা করতে চাই, সরকারি দল এই কাজটি দ্রুত সম্পন্ন করবে।
দেশের ৬৯ ভাগ মানুষ গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে রায় দিয়েছেন উল্লেখ কওে ডা: শফিকুর রহমান বলেন, ‘এটাকে অগ্রাহ্য করার কোনো সুযোগ নেই। আমরা এর পক্ষে ভূমিকা রেখে যাব এবং আমরা চাইব যে চারটি বিষয় গণভোটে দেওয়া হয়েছিল, তার সবগুলো হুবহু গ্রহণ ও বাস্তবায়ন করা হোক।’
সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণ নিয়ে জামায়াত কী ভূমিকা নেবে, জানতে চাইলে ডা: শফিকুর রহমান বলেন, ‘আমরা অনেক আলাপ-আলোচনা করেছি এ ব্যাপারে। কালকে আমাদের ভূমিকা দৃশ্যমান আপনারা দেখবেন। যেমন সূর্য উঠবে, তেমন ভাষণ শুনবেন এবং আমাদের ভূমিকাও দেখবেন।’
‘সব ব্যাপারে বিরোধিতা নয়’ :
সংসদে বিরোধীদলীয় নেতার সভাকক্ষে বুধবার সকাল থেকে কয়েক ঘণ্টাব্যাপী বৈঠক করেন জামায়াতের ৬৮ জন, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ৬ জনসহ সংসদে বিরোধী দলের সদস্যরা। পরে সংসদের এলডি হলে বৈঠকের আলোচনা সম্পর্কে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন জামায়াত আমীর ডা: শফিকুর রহমান।
একটা দায়িত্বশীল বিরোধী দলের ভূমিকা পালন করতে চান উল্লেখ করে জামায়াত আমীর বলেন, সব ব্যাপারে বিরোধিতা নয়, আবার না বুঝেও কোনো সহযোগিতা নয়। দেশ ও জাতির কল্যাণে সরকারি দলের গৃহীত সব সিদ্ধান্ত এবং পদক্ষেপে আমাদের সমর্থন ও সহযোগিতা থাকবে। কিন্তু দেশ ও জাতির ক্ষতি হয় এমন কোনো সিদ্ধান্ত কিংবা পদক্ষেপ নিলে আমরা আমাদের দায়িত্ব সেভাবেই পালন করব। ভুল করলে প্রথমে আমরা সেই ভুল ধরিয়ে দেব, সংশোধনের সুযোগ দেব, পরামর্শ দেব। যদি দেখি পরামর্শে কাজ হচ্ছে না, তাহলে প্রতিবাদ করব। প্রতিবাদে যদি কাজ না হয়, তাহলে জনগণের অধিকারের পক্ষে আমরা শক্ত হয়ে দাঁড়াব।
সংখ্যাগরিষ্ঠতার বলে সরকার কোনো কিছু করতে চাইলে সেটা তারা পারবে উল্লেখ করে শফিকুর রহমান বলেন, কিন্তু যদি আলাপ-আলোচনার মাধ্যমে যৌক্তিক বিষয়গুলো বিবেচনায় নিয়ে সিদ্ধান্ত নেওয়া হয়, তাহলে সেটা হবে জাতির জন্য উত্তম।
জামায়াতের সংসদ সদস্য শফিকুল ইসলাম মাসুদ এই সংবাদ সম্মেলন সঞ্চালনা করেন। দলের সংসদ সদস্য এ টি এম আজহারুল ইসলাম, অধ্যাপক মুজিবুর রহমান ও মাওলানা রফিকুল ইসলাম খান এ সময় উপস্থিত ছিলেন।





